চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা আটক

Printed Edition

জয়দেবপুর (গাজীপুর) সংবাদদাতা

গাজীপুর সদর উপজেলার রুদ্রপুর গ্রামে চাঁদাবাজির অভিযোগে যুবদলের এক নেতাকে আটক করে গাছের সঙ্গে বেঁধে রাখার ঘটনা ঘটেছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। গতকাল সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তি ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের ৮ নম্বর ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন শামীম।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়ী নুরুদ্দিন খন্দকার খোকন তার ক্রয়কৃত জমিতে বালু ভরাটের কাজ করছিলেন। অভিযোগ রয়েছে, রোববার সেখানে গিয়ে শামীম চাঁদা দাবি করেন। এ ঘটনায় নুরুদ্দিন জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দেন।

অভিযোগের পর সোমবার সকালে শামীম আবারো ঘটনাস্থলে গিয়ে বালু ফেলার কাজে বাধা দেন এবং নুরুদ্দিনের ওপর হামলা চালান বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে আটক করে গাছের সাথে বেঁধে রাখেন। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে শামীম চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে দাবি করেন, জমি নিয়ে বিরোধের জেরে তাকে মারধর করে গাছে বেঁধে রাখা হয়েছে।

জয়দেবপুর থানার এসআই আলমগীর হোসেন জানান, চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্তকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।