নিজস্ব প্রতিবেদক
চলতি বছরের এসএসসি ও সমমানের ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ জুলাই সোমবার। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আগেই একাধিক অনুষ্ঠানে এই তারিখের ঘোষণা দিয়েছেন।
গতকাল বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের জানান, এসএসসি ও সমমানের ফলাফল প্রস্তুত করতে আমাদের নির্দেশনা দেয়া হয়েছে। ২০ জুলাই বা তার কাছকাছি সময়েই ফল প্রকাশ হতে পারে। ২০ জুলাইকে টার্গেট করেই আমরা কাজ করে যাচ্ছি।
সূত্র আরো জানায়, এই পরীক্ষার ফল প্রস্তুতির কাজ সম্পন্ন করতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সদস্যদের নির্দেশনা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়, সে অনুযায়ী তারা কাজ করছেন বলে জানা গেছে। তবে সোমবার ফল প্রকাশ হচ্ছে কি না, সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য জানাতে পারেননি তারা। জানা গেছে, সাধারণত এসএসসি বা সমমানের লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়। এ বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। অন্য দিকে দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।
এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে এসএসসি পরীক্ষার জন্য নিবন্ধন করে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, দাখিলে তিন লাখ চার হাজার ২৮৬ জন এবং এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় এক লাখ ৩৪ হাজার ৬৬০ জন। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, এইচএসসি ও সমমানের ফলাফল প্রস্তুত করা হচ্ছে। সরকারের নির্দেশনা অনুযায়ী কাজ করছি। নির্ধারিত সময়ে যেন ফল প্রকাশ করা যায়, সে লক্ষ্যে কাজ করছি।



