চূড়ান্ত ভোটার ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন

স্থানীয় সরকার ভোটের প্রস্তুতি

বিশেষ সংবাদদাতা
Printed Edition

  • নারী-পুরুষের ব্যবধান কমছে
  • ভোটার বেড়েছে ৪ লাখ ৫৪ হাজার ৪০৩ জন

চলতি বছরের শেষ দিকে দেশে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা নিয়ে আগাচ্ছে নির্বাচন কমিমন (ইসি)। প্রস্তুতির অংশ হিসেবে ৩১ জুলাই পর্যন্ত নিবন্ধিত ভোটারদের নিয়ে চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার এখন ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন, নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৬৭ জন। ভোটার বেড়েছে ৪ লাখ ৫৪ হাজার ৪০৩ জন।

গত সোমবার আগারগাঁওস্থ নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। আখতার আহমেদ বলেন, স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি ৩১ জুলাই পর্যন্ত ভোটার তালিকার কাট-অফ তারিখ ধরে এগিয়ে নেয়া হচ্ছে। এ সংখ্যার ভিত্তিতেই আপাতত স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি চলছে।

স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, আপাতত ৩১ জুলাই পর্যন্ত ভোটার তালিকাকে কাট-অফ ডেট হিসেবে বিবেচনা করা হচ্ছে। ফলে এরপর নতুন করে যারা ভোটার হিসেবে নিবন্ধিত হবেন, তারা আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন কি না। এ মুহূর্তে তার উত্তর ‘না’। তবে তিনি একই সাথে স্পষ্ট করেন, ভোটার নিবন্ধন একটি চলমান প্রক্রিয়া। ভবিষ্যতে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ভোটার তালিকার কাট-অফ ডেট পরিবর্তন হলে নতুন করে ভোটারসংখ্যা নির্ধারণ করতে হবে।

স্থানীয় সরকার নির্বাচন কবে হবে এবং তফসিল কখন ঘোষণা করা হবে এ প্রশ্নের সরাসরি কোনো সময়সীমা দেননি ইসি সচিব। তিনি বলেন, এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার ইতোমধ্যে কথা বলেছেন। তিনি তার বাইরে বাড়তি কোনো তথ্য দিতে চান না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে। তবে তফসিলের তারিখ চূড়ান্ত হলে সাংবাদিকদের তা জানিয়ে দেয়া হবে।

নির্বাচন কমিশন প্রস্তুত, সিদ্ধান্তের অপেক্ষা

সরকারের পক্ষ থেকে নির্বাচন কমিশন প্রস্তুত হলেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা করা এবং নির্বাচন আয়োজনের সুযোগ রয়েছে এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ইসি সচিব বলেন, কমিশন প্রস্তুতির দিক থেকে কাজ করছে। তবে নির্বাচনের নির্দিষ্ট সময়সূচি কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল।

স্থানীয় সরকার নির্বাচনের আগে রাষ্ট্রপতির সাথে নির্বাচন কমিশনের আলোচনা এবং সরকারের সাথে সম্ভাব্য বৈঠকের বিষয়েও সাংবাদিকরা প্রশ্ন করেন। ইসি সচিব জানান, প্রতিমন্ত্রীর সাথে নির্বাচন কমিশনের বৈঠকের কোনো তারিখ এখনো নির্ধারিত হয়নি।

ভোটকেন্দ্রের সংখ্যা এখনো নির্ধারণ হয়নি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মোট কতটি ভোটকেন্দ্র থাকবে- এ প্রশ্নেরও নির্দিষ্ট উত্তর দিতে পারেননি ইসি সচিব। তিনি বলেন, কোন কোন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন একসাথে বা কোন পর্যায়ে অনুষ্ঠিত হবে, তার ওপর ভোটকেন্দ্রের সংখ্যা নির্ভর করবে। তিনি বলেন, ভোটকেন্দ্রের সংখ্যাটা নির্ভর করছে কোন আগে ভোট হবে, সেটার ওপর। অর্থাৎ ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা কিংবা সিটি করপোরেশনের কোন নির্বাচন আগে বা কোনটি পরে হবে। এ বিষয়ে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত মোট ভোটকেন্দ্রের সংখ্যা চূড়ান্ত করা সম্ভব নয়।

নারী ভোটার প্রায় পুরুষের কাছাকাছি

চূড়ান্ত ভোটার তালিকার পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, দেশে পুরুষ ও নারী ভোটারের ব্যবধানও খুব বেশি নয়। মোট ভোটারের মধ্যে পুরুষের সংখ্যা ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ এবং নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন। অর্থাৎ নারী ভোটারের সংখ্যা পুরুষের তুলনায় প্রায় ২২ লাখ ৪৫ হাজার কম।