আমিরে হিযবুল্লাহ ছারছীনা দরবার শরিফের পীর ছাহেব আলহাজ হজরত মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- একজন মুমিনের প্রকৃত সৌন্দর্য তার ইখলাস তথা একনিষ্ঠতার মধ্যে নিহিত। মানুষকে দেখানোর জন্য নয়, বরং একমাত্র আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই সব ইবাদত ও নেক আমল সম্পাদন করতে হবে। আমল যত গোপন থাকবে, ততই তা রিয়া (লোক দেখানো) থেকে নিরাপদ থাকবে এবং আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে।
পীর ছাহেব কেবলা আরো বলেন- বর্তমান সময়ে অনেকেই নিজের দান-সদকা, তাহাজ্জুদ, কুরআন তিলাওয়াত কিংবা অন্যান্য নেক আমলের কথা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন স্থানে প্রকাশ করে থাকেন। অথচ রাসূলুল্লাহ (সা:) আমাদের এমন আমল করতে উৎসাহিত করেছেন, যা একমাত্র আল্লাহ ছাড়া অন্য কেউ জানে না। কারণ গোপন আমল বান্দা ও তার রবের মধ্যকার এক বিশেষ সম্পর্ক সৃষ্টি করে। তাই নিজের আমলকে সর্বদা গোপন রাখবেন, প্রকাশ করবেন না।
মাহফিলে উপস্থিত সবার উদ্দেশে তিনি আরো বলেন- আমরা যদি আমাদের অন্তরকে ইখলাস দ্বারা পরিশুদ্ধ করতে পারি, তাহলে অল্প আমলও আল্লাহ তায়ালার কাছে অনেক মূল্যবান হয়ে উঠবে। পক্ষান্তরে, লোক দেখানোর উদ্দেশ্যে করা বড় বড় আমলও মূল্যহীন হয়ে যেতে পারে। আত্মপ্রচার নয়, আত্মশুদ্ধিই একজন মুসলমানের প্রধান লক্ষ্য হওয়া উচিত।
বৃহস্পতিবার রাজধানী ঢাকার শাহবাগ থানাধীন আনন্দ বাজার বঙ্গমার্কেটের পশ্চিম পাশে অবস্থিত পুরাতন জাদুঘর জামে মসজিদে ঈছালে ছাওয়াব ও দোয়ার মাহফিলে প্রধান অতিথির আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন। বিজ্ঞপ্তি।



