চাঁদাবাজির প্রতিবাদ করায় নিজ দলের কর্মীর হাতে চট্টগ্রামে যুবদল নেতা খুন

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে সড়কে ভাসমান ভ্যান বসানো ও চাঁদা আদায়কে কেন্দ্র করে বিরোধের জেরে ফজলুল আমিন নামে এক যুবদল নেতা মারধরের পর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার চান্দগাঁও থানার ওমর আলী মাতব্বর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় চান্দগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে নিহতের পরিবার।

নিহত ফজলুল আমিনের স্বজনদের অভিযোগ, ভ্যান বসানোর নামে চাঁদা আদায়ের প্রতিবাদ করায় নিজ দলের কর্মী হিসেবে পরিচিত মো: শাহজাহান ও তার ছেলে সিফাতের সাথে ফজলুল আমিনের বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে কথা কাটাকাটির মধ্যে তাকে ধাক্কা ও ঘুষি মারা হলে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত ফজলুল আমিন ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। অভিযুক্ত শাহজাহান চট্টগ্রাম মহানগর বিএনপির এক সদস্যের অনুসারী এবং কৃষকদলের রাজনীতির সঙ্গে যুক্ত। এ ঘটনায় চান্দগাঁও থানায় শাহজাহান (৪৫) ও তার ছেলে সিফাত (২০) এর নাম উল্লেখ করে আরো পাঁচ থেকে সাতজনকে অজ্ঞাত আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।

এক প্রত্যক্ষদর্শীর দাবি- রাস্তা চলাচলের জন্য উন্মুক্ত রাখার কথা বলাকে কেন্দ্র করে ফজলুল আমিনের সাথে তর্ক হয়। পরে তাকে ঘুষি মারা হলে তিনি মাটিতে পড়ে যান। স্থানীয়রা তাকে হাসপাতালে নেয়ার ব্যবস্থা করেন। তবে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

চান্দগাঁও থানার ওসি জসিম উদ্দিন জানান, দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা করা হয়েছে। ঘটনার সাথে কারা জড়িত এবং বিরোধের প্রকৃত কারণ কী তা তদন্ত করে দেখা হচ্ছে।