শান্তি রঞ্জন চাকমা রাঙ্গুনিয়া-কাপ্তাই (চট্টগ্রাম)
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাহেবনগর এলাকায় পাহাড়ি ঢলের তোড়ে বেল্লাতল কালভার্ট সংযোগ সড়ক বিচ্ছিন্ন হয়ে পড়েছে। স্থানীয়রা কালভার্টের দুই পাশে বাঁশের সাঁকো তৈরি করে ঝুঁকিপূর্ণভাবে পারাপার হচ্ছেন। এতে দূর্ভোগে পড়েছেন এই এলাকার প্রায় ১০ হাজার মানুষ।
স্থানীয় মো: ইকবাল হোসেন বলেন, এই সড়কটি অত্র অঞ্চলের যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সড়কটি এক দিকে সাদেক শাহ্ মাজার হয়ে রাঙামাটি প্রধান সড়কের সাথে এবং অন্য দিকে খতিবনগর ও রইস্যাবিলি হয়ে পার্বত্য অঞ্চল ঘাগড়া সংযোগ সড়কের সাথে সরাসরি যুক্ত। কালভার্টটির ঢালাই খসে আগেই রড বেরিয়ে গিয়েছিল এবং মূল কাঠামোতে বড় ফাটল দেখা দিয়েছিল। এবারের পাহাড়ি ঢলে দুই পাশের মাটি সরে যাওয়ায় এটি এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। যেকোনো মুহূর্তে কালভার্টটি ধসে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। এলাকাবাসী অবিলম্বে পুনর্নির্মাণের দাবি জানিয়ে রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন জানিয়েছেন।
এ দিকে পাহাড়ি ঢলের কারণে সাহেবনগর এলাকার মৎস্য চাষি ও কৃষকদের মাঝে হাহাকার নেমে এসেছে। ঢলের পানি উপচে পড়ায় এলাকার বহু মৎস্য চাষির পুকুরের মাছ ভেসে গেছে এবং বিঘার পর বিঘা ফসলি জমি তলিয়ে গেছে। এ ছাড়া খালের তীব্র স্রোতে বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছেন। ভুক্তভোগীরা প্রশাসনের জরুরি সহায়তা কামনা করেছেন।



