খুলনায় ইফতার মাহফিল

দেশের স্বার্থে সহিংসতা এড়াতে নির্বাচনের ফলাফল মেনে নেয়া হয়েছে : গোলাম পরওয়ার

Printed Edition

খুলনা ব্যুরো

বাংলাদেশ জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে বিরোধীদলের প্রার্থীদের হারানো হলেও দেশের স্বার্থে সহিংসতা এড়াতে ফলাফল মেনে নেয়া হয়েছে। সরকারের সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপকে গণতান্ত্রিক চেতনার পরিপন্থী বলে অভিহিত করে তিনি বলেন, জুলাই সনদের ভিত্তিতে সংস্কার ও অন্তর্বর্তীকালীন নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

মঙ্গলবার বিকেলে খুলনার শিরোমণিস্থ খানজাহান আলী আদর্শ মহাবিদ্যালয় ময়দানে খানজাহান আলী থানা জামাতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। থানা আমির সৈয়দ হাসান মাহমুদ টিটোর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি মুন্সী মঈনুল ইসলাম, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস ও এ টি এম গাউসুল আযম হাদি, শেখ সিরাজুল ইসলাম, হাফেজ আমিনুল ইসলাম, অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা, মোস্তফা আল মুজাহিদ, মুহাম্মদ আশরাফুল আলম, গাজী মোর্শেদ মামুন, অ্যাডভোকেট শেখ জাকিরুল ইসলাম, মাওলানা আবুল বাশার, মোজাম্মেল হক, ইঞ্জিনিয়ার খন্দকার আবদুস সহীদ, ইঞ্জিনিয়ার শেখ রেজাউল হক প্রমুখ।

মাহফিলে মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, ছয়টি সিটি করপোরেশনে নির্বাচন ঘোষণা না করে প্রশাসক নিয়োগ, বিভিন্ন সাংবিধানিক ও প্রশাসনিক পদে পরিবর্তন এবং সংসদ অধিবেশন শুরুর আগেই সিদ্ধান্ত নেয়ার মাধ্যমে দলীয় প্রভাব বিস্তার করা হচ্ছে। এসব পদপে থেকে সরে এসে সংসদে আলোচনার মাধ্যমে ঐকমত্যে পৌঁছানোর আহ্বান জানান তিনি।

নিজ নির্বাচনী এলাকার ফলাফল প্রসঙ্গে তিনি বলেন, ঘোষিত ফল অনুযায়ী সামান্য ভোটের ব্যবধানে তিনি পিছিয়ে থাকলেও ছয় হাজার ৫০০ ব্যালট বাতিল করা হয়েছে, যার বড় অংশই তার পক্ষে ছিল । অনেক ক্ষেত্রে ভাঁজ করার সময় কালি লেগে যাওয়া বা আঙুলের টিপের কালি ছড়িয়ে পড়াকে অজুহাত করে ভোট বাতিল করা হয়েছে। আমার জয়ের জন্য ১৪০০ ভোটই যথেষ্ট ছিল। বাতিল ব্যালটগুলো পুনরায় যাচাই করা হলে প্রকৃত ফল ভিন্ন হতে পারে। এ বিষয়ে নির্বাচন কমিশনে আবেদন করা হয়েছে এবং ট্রাইব্যুনালে রিট দায়েরের প্রস্তুতি চলছে । তার দাবি, আমরা মিথ্যার কাছে পরাজিত হইনি, বরং নৈতিকতার জায়গায় বিজয়ী হয়েছি।

আটরা গিলাতলা ইউনিয়নে পৃথক এক সমাবেশে তিনি সমর্থকদের উদ্দেশে বলেন, দল-মত নির্বিশেষে সাধারণ মানুষ দাঁড়িপাল্লার পক্ষে কাজ করেছেন। কালো টাকা ও ভয়ভীতি প্রত্যাখ্যান করেছেন। ফলাফলে হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা পরাজিত হননি, প্রক্রিয়াগত ত্রুটির কারণে ফল ভিন্ন হয়েছে।

সরকারের উদ্দেশে তিনি বলেন, সংসদে আলোচনা করে জুলাই সনদের একমত বিষয়গুলো বাস্তবায়ন করুন। গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে নতুন বাংলাদেশ গড়তে সবাইকে নিয়ে চলুন। সহিংসতা বন্ধ ও বিরোধীদের প্রতি সহনশীল আচরণ করুন।