স্বেচ্ছাশ্রমে হাওরের সড়ক পরিষ্কার করলেন আনসার সদস্যরা

Printed Edition

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাওরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের চলাচল-দুর্ভোগ কমাতে স্বেচ্ছাশ্রমে একটি গুরুত্বপূর্ণ সড়ক পরিষ্কার করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

রোববার বাদাঘাট ইউনিয়নের মল্লিকপুর গ্রামসংলগ্ন ফিরোজপুর-মাহাতাবপুর-মল্লিকপুর হাওর এলাকার একমাত্র সংযোগ সড়ক থেকে পচা কচুরিপানা, কাদামাটি ও আবর্জনা অপসারণ করা হয়। এতে শিক্ষার্থী, কৃষক, নারী-শিশুসহ স্থানীয় বাসিন্দাদের চলাচল সহজ হয়েছে। স্থানীয়রা উদ্যোগটিকে জনস্বার্থে কার্যকর ও সময়োপযোগী বলে উল্লেখ করেছেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সুনামগঞ্জ জেলা কমান্ড্যান্টের নির্দেশনায় এবং তাহিরপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন বাদাঘাট ইউনিয়নের দলনেতা শাহ আলী এবং আনসার কমান্ডার হযরত আলী। স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলে ঝুঁঁকিপূর্ণ ছিল। বর্ষা মৌসুমে স্থানীয়দের চরম দুর্ভোগ পোহাতে হতো এবং দুর্ঘটনার আশঙ্কাও বেড়ে যেত।

দলনেতা শাহ আলী বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী শুধু আইনশৃঙ্খলা রক্ষাই নয়, জনকল্যাণমূলক কর্মকাণ্ডেও মানুষের পাশে থাকতে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা জানান, সরকারি বরাদ্দের অপেক্ষা না করে স্বেচ্ছাশ্রমে সড়কটি চলাচল উপযোগী করে তোলায় দীর্ঘদিনের ভোগান্তির অবসান হয়েছে। এ ধরনের জনসেবামূলক উদ্যোগ মানুষের মধ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি আস্থা আরো বাড়াবে। বিজ্ঞপ্তি।