বিশেষ সংবাদদাতা চট্টগ্রাম
চট্টগ্রাম বন্দর চ্যানেলে মাল্টার পতাকাবাহী কনটেইনার জাহাজ নিয়ন্ত্রণ হারিয়ে লাল বয়ার সাথে ধাক্কা খেয়ে চরে উঠে রিটেইনিং ওয়ালের উপর আছড়ে পড়েছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। কিছু কনটেইনার নামিয়ে জাহাজটি এখন উদ্ধারের প্রচেষ্টা চালাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। এ ছাড়া বন্দর চ্যানেল নিরাপদ আছে বলেও সূত্র জানিয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সাউথ চায়নার শেনজেংয়ের শেকৌ পোর্ট থেকে গত ২৫ জুলাই রওনা দিয়ে গত রোববার বিকেলে চট্টগ্রাম বহির্নোঙ্গরের চার্লি অ্যানকরেজে নোঙ্গর করে। গতকাল দুপুরে জাহাজটি বন্দরের জিসিবি (জেনারেল কার্গো বার্থ)-১১ জেটিতে নোঙ্গর করার উদ্দেশ্যে রওনা দেয়। পথ্যে জাহাজটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে একপর্যায়ে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। সূত্র জানায়, জাহাজটি নেভাল একাডেমির পাশে চরায় আটকে আছে। কিছু কনটেইনার নামিয়ে পরের জোয়ারের সময় জাহাজটিকে টেনে নামানোর জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে বলে সূত্র জানিয়েছে।
জাহাজটিতে এক হাজার ২০০-এর বেশি আমদানি কনটেইনার রয়েছে। তবে জাহাজটির স্থানীয় এজেন্ট এপিএল শিপিং-এর কর্মকর্তারা কেউ ফোন না ধরায় কনটেইনারগুলোর অবস্থা সম্পর্কে জানা যায়নি।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম নয়া দিগন্তকে বলেন, আনুমানিক সোয়া ২টার দিকে চ্যানেলে প্রবেশের সময় কনটেইনারবাহী জাহাজ এমভি সিএনসি ইউরেনাসের স্টিয়ারিংয়ে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফলে জাহাজটি ২ নম্বর লাল বয়ার সাথে ধাক্কা খায় এবং পরে প্রতিরোধক দেয়ালে আটকে যায়। তিনি জানান, বর্তমানে উদ্ধার ও পুনরুদ্ধার অভিযান চলছে। কান্দারি-৪ এবং কান্দারি-১১ টাগবোট দু’টিকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং তারা জাহাজটিকে সক্রিয়ভাবে সহায়তা করছে। জাহাজটিকে সুরক্ষিত করতে এবং চ্যানেলের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ কোস্টগার্ডের জাহাজও ঘটনাস্থলে তৎপর রয়েছে। সংশ্লিষ্ট সবগুলো পক্ষের সাথে নিবিড়ভাবে সমন্বয় করা হচ্ছে এবং বন্দর চ্যানেল নিরাপদ রয়েছে বলেও তিনি জানান।



