নীলফামারী প্রতিনিধি
প্রতিষ্ঠার আট বছর পেরিয়ে গেলেও নিজস্ব স্থায়ী ক্যাম্পাস পায়নি নীলফামারী মেডিক্যাল কলেজ। ২০১৮ সালে প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম বর্তমানে নটখানা এলাকার ম্যাটস ভবনে অস্থায়ীভাবে পরিচালিত হচ্ছে। পর্যাপ্ত শ্রেণিকক্ষ ও হোস্টেল সুবিধা না থাকায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম।
এ পরিস্থিতির মধ্যেই গত রোববার নানা আয়োজনে কলেজটির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। দিনটি উপলক্ষে সকালে শহরজুড়ে বর্ণাঢ্য র্যালি ও পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা: নাজমুল হোসেন বলেন, একটি অঞ্চলের মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিতে মেডিকেল কলেজের ভূমিকা অপরিসীম। দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণের প্রক্রিয়া সম্পন্ন করতে জমি অধিগ্রহণ ও একাডেমিক ভবনের নকশা অনুমোদনের কাজ জোরদার করা হচ্ছে। শিক্ষার্থীদের জন্য আধুনিক শিক্ষাকার্যক্রম নিশ্চিত করতে সরকার আন্তরিক।



