নিজস্ব প্রতিবেদক
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল সারা দেশে মসজিদে মসজিদে দোয়া ও মুনাজাত করা হয়েছে।
বায়তুল মোকাররমে বিশেষ দোয়া ও মুনাজাত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। এ সময় তার রূহের মাগফিরাত কামনা করা হয়। সেই সাথে দেশের শান্তি, সমৃদ্ধি, সার্বভৌমত্ব ও কল্যাণ এবং বাংলাদেশের মানুষের সুখ-শান্তি ও নিরাপত্তার জন্য মহান আল্লাহর রহমত কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। দোয়া ও মুনাজাতে জাতীয় মসজিদের ইমাম, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী, মুসল্লি ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
মুনাজাত পরিচালনা করেন বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম মুফতি মহিউদ্দিন কাসেম। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
মেডিক্যাল বিশ^বিদ্যালয়ে দোয়ার মাহফিল
বাংলাদেশের মেডিক্যাল ও ডেন্টাল কলেজগুলোর জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের আয়োজনে বিএনপির সাবেক চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ মেডিক্যাল বিশ^বিদ্যালয়ে গতকাল বাদ জোহর মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত এ মাহফিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের প্রোভিসি ও বিএনপির সহস্বাস্থ্য সম্পাদক অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম, বিশ^বিদ্যালয়ের ইউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা: সাইফুল ইসলাম সেলিম, কেন্দ্রীয় ড্যাবের সহসভাপতি ডা: সাইফ উদ্দিন নিসার আহমেদ। এতে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ডা: এ বি এম ছফিউল্লাহ, অধ্যাপক ডা: নজরুল ইসলাম আকাশ, অধ্যাপক ডা: আসাদুর রহমান সোহেল, অধ্যাপক ডা: জাহিদুর রহমান পাপ্পানা, অধ্যাপক ডা: তোসাদ্দেক হোসেন সিদ্দিকী, অধ্যাপক ডা: মো: ইদ্রিস, অধ্যাপক ডা: মোহাম্মদ উল্লাহ মোস্তফা, ডা: হাসনাত আহসান সুমন, ডা: শামসুজ্জামান, ডা: আমানুর রহমান সুমন, ডা: মো: শাকিল আহমেদ, ডা: মো: তাজউদ্দীনসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারীরা।
মাহফিলে দেশনেত্রীর রূহের মাগফিরাত কামনাসহ দেশ ও জাতীর কল্যাণ কামনা করা হয়। একই সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রূহের মাগফিরাত কামনা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সুস্বাস্থ্য কামনা করে মরহুম আরাফাত রহমান কোকো, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ৩৬ জুলাইর সব শহীদসহ গত ১৭ বছর গণতান্ত্রিক আন্দোলনে স্বৈরাচারের নির্যাতনে নিহত ও আহতদের জন্য দোয়া করা হয়। দোয়া মাহফিলের আগে পবিত্র কুরআন খতম করা হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দোয়া
গতকাল শনিবার বাদ জোহর ইসলামী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পাশাপাশি মহান স্বাধীনতার ঘোষক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান যেন প্রজ্ঞা, দক্ষতা এবং সাহসের সাথে দেশ পরিচালনা করতে পারেন, সেজন্য মুনাজাতে মহান রাব্বুল আল-আমীনের দরবারে প্রার্থনা করা হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম আশরাফ উদ্দীন খান।
দোয়া মাহফিলে ভিসি অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, প্রোভিসি অধ্যাপক ড. মো: এমতাজ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: ইদ্রিস আলী ছাড়াও ইবি জিয়া পরিষদ, গ্রীন ফোরাম, ইউট্যাব ও সাদা দলের শিক্ষক নেতৃবৃন্দ, ইবি কর্মকর্তা সমিতি, জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিট, জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম ও কর্মচারী সমিতিগুলোর নেতৃবৃন্দ এবং জাতীয়তাবাদী ছাত্রদল ইবি শাখার নেতৃবৃন্দসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।



