মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (এমআইইউ) দুই দিনব্যাপী গবেষণা সেমিনার ও দক্ষতা উন্নয়ন কর্মশালা শুরু হয়েছে। গতকাল বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে রিসার্চ অ্যান্ড ইন্টিগ্রেটেড থটসের (আরআইটি) সহযোগিতায় সেমিনার ও দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধন করেন ইউনিভার্সিটির ভিসি ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশবিজ্ঞানী প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন এবং আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো: মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্টের (বিআইজিএম) সহযোগী অধ্যাপক ড. জোবায়ের আহমেদ। এ ছাড়া বক্তব্য রাখেন স্কুল অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজের ডিন ড. আবু আইয়ুব মো: ইব্রাহিম, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিকসের ডিন মো: মাহবুব আলম এবং আরআইটির উপদেষ্টা ফখরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব বলেন, গবেষণা ছাড়া কোনো বিশ্ববিদ্যালয়ের পূর্ণতা আসে না। কলেজ বা অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে বিশ্ববিদ্যালয়ের মৌলিক পার্থক্যই হলো গবেষণা, নতুন জ্ঞান সৃষ্টি এবং গবেষণালব্ধ ফলাফল প্রকাশ। আজ শেষ দিন পাঁচটি পৃথক মডিউলে প্রশিক্ষণ, মুক্ত আলোচনা এবং সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।



