আলজাজিরা
আফগানিস্তান সীমান্তের ওপারে পাকিস্তান আবারো বিমান হামলা চালিয়েছে। পাকিস্তানের একজন মন্ত্রী দাবি করেছেন, এই হামলায় ২৬ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছেন। তবে আফগান সরকার জানিয়েছে, নিহতদের মধ্যে ১৩ জন বেসামরিক নাগরিক রয়েছেন, যাদের বেশির ভাগই শিশু।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার গত বুধবার এক্স হ্যান্ডেলে এক পোস্টে জানান, সামরিক বাহিনী সীমান্ত এলাকায় নিখুঁতভাবে এই হামলা চালিয়েছে। এতে পাকিস্তানের তালেবান বা টিটিপি নামে পরিচিত গোষ্ঠীর আস্তানা ও নিরাপদ আশ্রয়স্থলগুলোকে লক্ষ্যবস্তু করা হয়। তারার বলেন, হামলায় ২৬ জন যোদ্ধা নিহত হয়েছে এবং চারটি আস্তানা ধ্বংস করা হয়েছে। এর মধ্যে একটি প্রশিক্ষণ কেন্দ্র, গোলাবারুদের মজুদ এবং টিটিপি কমান্ডার আলিম খান খুশালি ও আখতার মুহাম্মদ জানি খেলের অবস্থানস্থল রয়েছে। তিনি জানান, সাম্প্রতিক কয়েকটি হামলার জবাবে এই অভিযান চালানো হয়েছে। যার মধ্যে রয়েছে ৯ জুন মুসা দারায় আধাসামরিক বাহিনী ফেডারেল কনস্ট্যাবুলারির একটি পোস্টে হামলা, ২ জুন উত্তর ওয়াজিরিস্তানে একটি সামরিক পোস্টে গাড়ি বোমা আত্মঘাতী হামলা এবং ৯ মে খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নুর একটি থানায় আত্মঘাতী বোমা হামলা।



