মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সৌদি-পাকিস্তান প্রথম বৈঠক

Printed Edition

রয়টার্স

তুরস্ক সৌদি আরব ও পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা চলতি মাসে স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা চুক্তির অধীনে প্রথম কমিটি বৈঠকের জন্য আজ সোমবার ইস্তাম্বুলে জড়ো হচ্ছেন। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

৭ অগাস্ট স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ ইরান যুদ্ধ ও আঞ্চলিক সঙ্ঘাত নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্রের মিত্র এই তিন সুন্নি মুসলিম দেশকে একত্র করেছে। এই জোটের লক্ষ্য হলো যেকোনো আগ্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করা। এই চুক্তিতে সুনির্দিষ্টভাবে উল্লেখ হয়েছে যে, এই তিন দেশের যেকোনো একটিরও ওপর সশস্ত্র আক্রমণকে সবার ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে। এটা অনেকটা ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদের সম্মিলিত প্রতিরক্ষা ধারার অনুরূপ। মন্ত্রণালয়টির ওই সূত্র জানিয়েছেন, এ তিন দেশের পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রীর পাশাপাশি তাদের চিফস অব স্টাফরাও ইস্তাম্বুলের বৈঠকে উপস্থিত থাকবেন। তিনি বলেন, ‘বৈঠকের আলোচ্যসূচিতে আন্তর্জাতিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলোও থাকবে।’

আলোচনায় প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, সশস্ত্রবাহিনীগুলোর মধ্যে একত্রে কাজ করার সক্ষমতা বাড়ানো এবং যৌথ উৎপাদন ও উন্নয়নসহ প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা জোরদার করার বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে বলে ধারণা করা হচ্ছে।

এই তিনটি দেশই ইহুদি ইসরাইল ও শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরানের সামরিক অবস্থান নিয়ে উদ্বেগের অংশীদার। এই তিন দেশের দীর্ঘদিনের মিত্র পরাশক্তি যুক্তরাষ্ট্র বিশ্বজুড়ে জ্বালানি সঙ্কট সৃষ্টি করা মধ্যপ্রাচ্যের অস্থিরতা সামাল দিতে হিমশিম খাচ্ছে।