ক্রীড়া ডেস্ক
টি-২০ বিশ্বকাপের সব থেকে আলোচিত ম্যাচ ভারত বনাম পাকিস্তান ম্যাচ। দর্শকপ্রিয়তা, অর্থনৈতিক, স্নায়ুচাপসহ সব দিক থেকে ম্যাচটি গুরুত্বপূর্ণ। প্রায় ৫-৬ হাজার কোটি টাকার অর্থনৈতিক ভ্যালুর এ ম্যাচের জন্য অপেক্ষায় থাকে গোটা ক্রিকেট বিশ্ব।
নানা নাটকীয়কতার পর কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আগামী রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-২০ বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ম্যাচটি। তবে এ ম্যাচ ঘিরে খারাপ সংবাদ দিলো শ্রীলঙ্কান আবহাওয়া বিভাগ। ভারত বনাম পাকিস্তান ম্যাচে রয়েছে উচ্চ বৃষ্টির ঝুঁকি। তবে এ ম্যাচের জন্য নেই কোনো রিজার্ভ ডে।
শ্রীলঙ্কা আবহাওয়া দফতর জানিয়েছে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। সন্ধ্যা ৭টায় ম্যাচ শুরু হলেও কিছু মডেল অনুযায়ী তার আগের ঘণ্টায় ভারী বৃষ্টিপাত হতে পারে, যা টস দেরি বা ম্যাচ সংক্ষিপ্ত করতে পারে। ৮টার পর আবহাওয়া কিছুটা পরিষ্কার হতে পারে, তবে রাতজুড়ে ছিটে ছিটে বৃষ্টির সম্ভাবনা থাকবে।



