নিজস্ব প্রতিবেদক
রাজধানীর যাত্রাবাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর বেধড়ক মারধরে রিফাত হোসেন (১৮) নামে এক তরুণ নিহত হয়েছে। সোমবার রাতে যাত্রবাড়ীর রায়েরবাগ এলাকায় এই ঘটনাটি ঘটে।
নিহত রিফাতের বাবা মোহাম্মদ হাসেম মৃধা জানান, রিফাত একটি কার্টন কারখানায় কাজ করত। পাশাপাশি বাড়িতে ভাড়া থাকেন শাকিল (২৬) নামে এক যুবক। বাসার পেছনে বসে ছিল রিফাত। এ সময় শাকিল নামে ওই যুবক রিফাতকে বলে, ‘কিরে বসে বসে গাঁজা খাস নাকি?’ এই কথা শুনে শাকিলকে বকাবকি করে রিফাত। এক পর্যায়ে শাকিল রিফাতকে মারধর শুরু করে। এতে অচেতন হয়ে পড়ে রিফাত। এরপর স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়, পরে ডাক্তার মৃত ঘোষণা করেন। তিন ভাই ও তিন বোনের মধ্যে রিফাত ছিল পঞ্চম।
চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে এক শিক্ষার্থীর মৃত্যু : রাজধানীর খিলগাঁও পুলিশ ফাঁড়ির সামনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ধাক্কা লেগে তন্ময় বর্মন (৩০) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। গতকাল এই ঘটনা ঘটে।
তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা তমাল জানান, চাকরির পরীক্ষার কোচিং করার উদ্দেশ্যে সকালে গাজীপুর থেকে ঢাকায় আসে তন্ময়। খিলগাঁও পুলিশ ফাঁড়ির সামনে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে পড়ে যায়। এতে তার বাম পা ট্রেনের চাকায় গুরুতর আহত হন। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিলে তার মৃত্যু হয়। তন্ময় ইনস্টিটিউট অব অ্যাপারেল রিসার্চ অ্যান্ড টেকনোলজি অ্যাডভান্সড গার্মেন্টস প্রোডাকশন অ্যান্ড লিন ম্যানেজমেন্ট কোর্সের শিক্ষার্থী ছিলেন।
মাকে দেখে ফেরার পথে প্রাণ গেল বৃদ্ধের : রাজধানীর যাত্রাবাড়ী থানার হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো: আবুল কাশেম (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে।
নাতি সোয়াত জানান, আমার দাদা তার বৃদ্ধা মাকে দেখতে শরীয়তপুরের ভেদরগঞ্জে গ্রামের বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে ঢাকা ফেরার পথে হানিফ ফ্লাইওভারের উপরে দুর্ঘটনায় মারা যান।



