রংপুরে চার খুন : দুই আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদ

Printed Edition

রংপুর ব্যুরো

রংপুরের আলোচিত চার হত্যা মামলার রহস্য উন্মোচনের শেষ পর্যায়ে পৌঁছানোর কথা জানিয়েছে পুলিশ। আদালতের নির্দেশ অনুযায়ী মঙ্গলবার কেন্দ্রীয় জেলগেটে ঘটনার সত্য স্বীকারকারী আসামি সিদ্ধার্থ ও মুগ্ধ দাসকে টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

বিকেলে এক সংবাদ ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার তোফায়েল আহমেদ জানান, সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে মামলাটির পুঙ্খানুপুঙ্খ তদন্ত চলছে। মূল রহস্য উদঘাটন এখন কেবল সময়ের ব্যাপার।

গত ২১ আগস্ট রাতে নগরীর মাছুয়াপাড়ায় রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী প্রীতিলতা, সন্তান আগামী ও প্রিয়ম চক্রবর্তী খুন হন। পরবর্তী সময়ে ২৩ আগস্ট গ্রেফতার হওয়া দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। তবে ঘটনার পর ডোপ টেস্টে তাদের শরীরে মাদকের উপস্থিতি পাওয়া যায়নি। আলোচিত এই লোমহর্ষক হত্যাকাণ্ডে অন্য কারো সংশ্লিষ্টতা আছে কি না, তা বের করতে এখনো রংপুরে আন্দোলন অব্যাহত রয়েছে।