ওআইসির নতুন মহাসচিব মৌরিতানিয়ার ইসমাইল উলদ শেখ আহমেদ

Printed Edition
ওআইসির নতুন মহাসচিব   মৌরিতানিয়ার ইসমাইল  উলদ শেখ আহমেদ
ওআইসির নতুন মহাসচিব মৌরিতানিয়ার ইসমাইল উলদ শেখ আহমেদ

নয়া দিগন্ত ডেস্ক

ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন মৌরিতানিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অভিজ্ঞ কূটনীতিক ইসমাইল উলদ শেখ আহমেদ। সৌদি আরবের জেদ্দায় ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের এক বিশেষ সভায় গত বৃহস্পতিবার এই নির্বাচন অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে মিডলইস্ট মনিটর। আগামী নভেম্বরে বর্তমান মহাসচিব শাদের হুসেইন ইব্রাহিম তাহার মেয়াদ শেষ হলে দায়িত্ব নেবেন ৬৬ বছর বয়সী এই কূটনীতিক।

জেদ্দার ওই জরুরি বৈঠকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান এবং জেরুসালেম পরিস্থিতির সাম্প্রতিক নানা উন্নয়ন নিয়েও বিস্তারিত আলোচনা হয়। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এ খবর নিশ্চিত করেছে।

নতুন মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ আন্তর্জাতিক কূটনীতিতে পরিচিত এক নাম। তিনি ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত মৌরিতানিয়ার পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। এ ছাড়া ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত ইয়েমেনে জাতিসঙ্ঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।

কূটনৈতিক ক্যারিয়ারে তিনি ২০১৪ সালে লিবিয়ায় জাতিসঙ্ঘের মিশন প্রধানের ডেপুটি হিসেবে কাজ করেছেন। একই সাথে সেখানে জাতিসঙ্ঘের আবাসন ও মানবিক সহায়তাবিষয়ক সমন্বয়কারীর দায়িত্ব সামলেছেন। ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইয়েমেন এবং ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত সিরিয়ায় জাতিসঙ্ঘের জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) প্রতিনিধি ও মানবিক সহায়তা সমন্বয়কারী ছিলেন। আরবি, ফরাসি ও ইংরেজি ভাষায় পারদর্শী শেখ আহমেদ দীর্ঘ আন্তর্জাতিক অভিজ্ঞতায় সমৃদ্ধ।

জাতিসঙ্ঘের পর ৫৭টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত ওআইসি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম আন্তঃসরকারি সংস্থা। প্রতিষ্ঠার পর থেকেই মুসলিম বিশ্বের বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়, বিশেষ করে ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা ও জেরুসালেম ইস্যুতে সোচ্চার ভূমিকা পালন করে আসছে সংস্থাটি।