মন্ত্রিসভা কমিটির বৈঠক

৯৫০ কোটি টাকায় এলএনজি কেনার অনুমোদন

Printed Edition

বিশেষ সংবাদদাতা

দেশের জ্বালানি চাহিদা পূরণে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ পদ্ধতিতে সিঙ্গাপুর থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে ব্যয় হবে প্রায় ৯৫০ কোটি টাকা। ২২ দশমিক ৩৫ মার্কিন ডলার দরে এই গ্যাস কেনা হবে।

গত বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

সূত্র জানায়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাব অনুযায়ী পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০২৫-এর বিধি ১০৫-এর উপবিধি (৩) এর দফা (ক) অনুসরণ করে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ পদ্ধতিতে আগামী ১৫ থেকে ১৬ আগস্ট ২০২৬ সময়ের জন্য ৪২তম কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস কেনা হবে। এ জন্য সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেডকে সর্বনিম্ন দরদাতা হিসেবে নির্বাচন করা হয়েছে। প্রতিষ্ঠানটির কাছ থেকে প্রতি এমএমবিটিইউ ২২ দশমিক ৩৫ মার্কিন ডলার দরে এই গ্যাস কেনা হবে।

এ ক্রয়ে মোট ব্যয় হবে ৯৪৯ কোটি ৪৩ লাখ ১২ হাজার ১৮৪ টাকা, যার মধ্যে অগ্রিম আয়কর অন্তর্ভুক্ত রয়েছে।

বৈঠকে প্রস্তাবটি অনুমোদনের জন্য সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি সুপারিশ করে এবং তা অনুমোদন দেয়া হয়।

একই সভায় শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবে ২০২৬-২৭ অর্থবছরের প্রথম লটে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশ থেকে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। প্রতি মেট্রিক টনের দাম ৩৫৭.২৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। এ জন্য মোট ব্যয় হবে ১৩২ কোটি ৬২ লাখ ৯০ হাজার ৬২৫ টাকা।