সোনাতলা (বগুড়া) সংবাদদাতা
বগুড়ায় কিস্তির টাকা আদায় করতে গিয়ে ফোকাস সোসাইটির এক মাঠকর্মী অপহরণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অপহরণের ১২ দিন পেরিয়ে গেলেও এখনো তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজ এনজিও কর্মী মোকলেছার প্রামাণিক সোনাতলা উপজেলার দিগদাইড় ইউনিয়নের বারোঘরিয়া পাড়া গ্রামের মৃত বুদা প্রামাণিকের ছেলে। তিনি বগুড়া সদর পল্লীমঙ্গল এলাকায় অবস্থিত ফোকাস সোসাইটির একটি শাখায় মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
পরিবার সূত্রে জানা গেছে, গত ২৮ এপ্রিল সকাল ৮টার দিকে দায়িত্ব পালনের অংশ হিসেবে মোকলেছার প্রামাণিক কিস্তির টাকা আদায়ের জন্য বের হন। দুপুর আড়াইটার পর থেকে তার সঙ্গে পরিবারের সদস্য ও সহকর্মীদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
ঘটনার পরদিন গভীর রাতে অজ্ঞাত নম্বর থেকে মোকলেছারের বড় ভাই আতাউর রহমানের মোবাইলে ফোন করে অপহরণকারীরা এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
পরিবার প্রথমে বিভিন্ন বিকাশ নম্বরে সেন্ডমানির মাধ্যমে মোট ৮৭ হাজার ৯০০ টাকা পাঠান। কিন্তু এরপরও মোকলেছারকে মুক্তি না দিয়ে আরও টাকা দাবি করা হচ্ছে বলে অভিযোগ পরিবারের।
এ ঘটনায় মোকলেছারের বড় ভাই আতাউর রহমান বগুড়া সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।



