মানারাত ইউনিভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠিত

Printed Edition
মানারাত ইউনিভার্সিটির নবীনবরণ অনুষ্ঠানে অতিথিরা  : নয়া দিগন্ত
মানারাত ইউনিভার্সিটির নবীনবরণ অনুষ্ঠানে অতিথিরা : নয়া দিগন্ত

জমকালো আয়োজনে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবাগত ছাত্রছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস মিলনায়তনে এ নবীনবরণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয় সংসদের ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দীন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এতে গেস্ট অব অনার ছিলেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম। সাবেক সচিব ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টের চেয়ারম্যান মুহাম্মদ ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশবিজ্ঞানী ও ভূরাজনৈতিক বিশ্লেষক এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আবদুর রব।

অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দীন নবাগত ছাত্রছাত্রীদের পড়াশোনার পাশাপাশি ভবিষ্যৎ পেশাজীবনের জন্য প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে বলেন, জীবনে বড় হতে চাইলে তোমাদের বাবা-মা, শিক্ষক-শিক্ষিকাদের সম্মান ও শ্রদ্ধার পাশাপাশি তাদের দোয়া নিতে হবে।

তিনি ছাত্রছাত্রীদের আলোকিত মানুষ হয়ে দেশ, জাতি ও রাষ্ট্রের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, গত ১৭ বছর মুক্তিযুদ্ধের পক্ষের ও বিপক্ষের শক্তির নামে জাতিকে বিভক্ত করা হয়েছিল। এ অবস্থা থেকে বের হতে না পারলে দেশকে ভালো রাখা কঠিন হয়ে পড়বে।

গেস্ট অব অনার ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম নবাগত ছাত্রছাত্রীদের জীবনে ভালো ছাত্র হওয়ার পাশাপাশি দেশের জন্য সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, ভয়কে জয় করে কিভাবে দেশের জন্য কাজ করতে হয়, তা জীবন দিয়ে দেখিয়ে গেছেন শহীদ শরিফ ওসমান হাদি।

পঞ্চাশ বছর পর দেশকে কোথায় দেখতে চাই, সে জন্য আজই আমাদের তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ প্রচেষ্টা গ্রহণের দৃঢ়প্রতিজ্ঞা নেয়ারও আহ্বান জানান এ সংসদ সদস্য।

ডেপুটি রেজিস্ট্রার রফিকুল ইসলাম ও ইংরেজি বিভাগের ছাত্রী নাহিয়ান ইবনাতের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে নবাগত ছাত্রছাত্রীদের ফুল দিয়ে বরণ করা হয়। বিজ্ঞপ্তি।