মিডল ইস্ট মনিটর
ইউরোপের কোনো দেশে তিনি গ্রেফতার হলে তাকে মুক্ত করে আনতে ইসরাইলি বিশেষ বাহিনী অভিযান পরিচালনা করবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
নিজের সামরিক জীবনের অভিজ্ঞতার কথা টেনে নেতানিয়াহু বলেন, তিনি ওই বাহিনীতে পাঁচ বছর দায়িত্ব পালন করেছেন। এবার তাদের একটি নতুন মিশন দেয়া যেতে পারে বলে ইঙ্গিত দেন তিনি। গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগে আন্তর্জাতিক ফৌজদারি আদালত (আইসিসি) নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। সম্প্রতি নিউ ইয়র্কের মুসলিম মেয়র জোহরান মামদানি জাতিসঙ্ঘের অধিবেশনে যোগ দিতে নেতানিয়াহু নিউ ইয়র্কে এলে তাকে গ্রেফতারের নির্দেশ দেয়ার সম্ভাবনা নিয়ে মন্তব্য করেছিলেন। এর পরেই মূলত নেতানিয়াহুর এই বার্তা সামনে এলো।
রোম সংবিধি অনুযায়ী আইসিসির সদস্যরাষ্ট্রগুলো আদালতের পরোয়ানা কার্যকর করতে বাধ্য হলেও এ নিয়ে আন্তর্জাতিক মহলে আইনি ও রাজনৈতিক বিতর্ক রয়েছে। তবে বেশ কয়েকটি ইউরোপীয় দেশ আগেই স্পষ্ট করেছে, নেতানিয়াহু তাদের ভূখণ্ডে প্রবেশ করলে তারা আইনি বাধ্যবাধকতা অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবে। সংশ্লিষ্ট দেশের অনুমতি ছাড়া অন্য রাষ্ট্রের ভূখণ্ডে এমন সামরিক অভিযান আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন এবং যা বড় ধরনের কূটনৈতিক সঙ্কট তৈরি করতে পারে। অবশ্য এই উদ্ধার অভিযান কিভাবে চালানো হবে, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি ইসরাইলি প্রধানমন্ত্রী। বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মধ্যে এই পরোয়ানার কারণে নেতানিয়াহুর বিদেশ সফর বেশ জটিল হয়ে পড়েছে। পরোয়ানা কার্যকর হওয়ার ঝুঁকি রয়েছে- এমন দেশগুলো এড়িয়ে চলতে তাকে এখন সফরসূচি অত্যন্ত সতর্কতার সাথে নির্ধারণ করতে হচ্ছে।



