রাজধানীতে নিখেঁাঁজ ৩ কিশোরী উদ্ধার

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

থানায় দায়েরকৃত নিখোঁজ জিডির ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান এলাকা থেকে তিন কিশোরীকে উদ্ধার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ।

ডিএমপির উপপুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

পল্লবী থানাসূত্রে জানা যায়, মঙ্গলবার (২ জুন) মো: হাসিবুর রহমান রনি থানায় এসে জানান যে, তার মেয়ে গত সোমবার (১ জুন) বিকেল ৪টার দিকে তার বান্ধবী ও বান্ধবীর ছোট বোনকে নিয়ে বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এ সংক্রান্তে গত ২ জুন পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। একইদিন তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দিপীকার পরিবারের পক্ষ থেকেও দু’টি নিখোঁজ সাধারণ ডায়েরি করা হয়।

ঘটনা সংক্রান্তে পল্লবী থানা পুলিশের একটি টিম নিরলস অনুসন্ধান পরিচালনা করে বৃহস্পতিবার (৫ জুন) রাত ৩টা ৫ মিনিটে মোহাম্মদপুর থানাধীন ঢাকা উদ্যান এলাকার একটি বাসা থেকে তিনজনকেই উদ্ধার করে।