আলজাজিরা
গাজায় যুদ্ধবিরতি সুসংহত করা এবং ইসরাইলের লঙ্ঘনের বিষয় মধ্যস্থতাকারীদের কাছে তুলে ধরতে মিসরে আলোচনায় বসেছে হামাস। এর আগে সংগঠনটির মুখপাত্র হাজেম কাসেম এক বিবৃতিতে জানান, আলোচনায় ‘বোর্ড অব পিস’-এর সাথে সম্মত গাজা রূপরেখা ইসরাইলকে মেনে চলার বিষয়টিও নিশ্চিত করার চেষ্টা করা হবে।
এর আগে শনিবার হামাসের একটি সূত্র জানায়, সংগঠনটির প্রধান খলিল আল-হাইয়ার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল রোববার কায়রোতে মিসরীয় কর্মকর্তাদের সাথে বৈঠক করবে। গাজায় কার্যকর যুদ্ধবিরতি আরো সুসংহত করার প্রচেষ্টাই আলোচনার প্রধান বিষয় হবে বলে জানানো হয়। জুলাইয়ের শেষ দিকে হামাসের নেতৃত্ব নেয়ার পর এই প্রথম মিসর সফরে আল-হাইয়া। এ দিকে আগামী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও বিশেষ দূত জ্যারেড কুশনার ইসরাইল ও মিসর সফরে যাবেন। গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনার বিষয়ে ইসরাইল ও অন্যান্য পক্ষের মতপার্থক্য কমানোই তার এই সফরের মূল উদ্দেশ্য।
কুশনারের সাথে ‘বোর্ড অব পিস’-এর গাজার জন্য উচ্চ প্রতিনিধি নিকোলাই মøাদেনভও থাকবেন। এর আগে ‘বোর্ড অব পিস’-এর প্রস্তাবিত ১৫ দফা পরিকল্পনা প্রকাশ্যে প্রত্যাখ্যান করে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওই পরিকল্পনায় হামাস নতুন একটি ফিলিস্তিনি পরিচালনা কমিটির কাছে তাদের অস্ত্র হস্তান্তরে সম্মতি জানিয়েছিল। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম বলেন, ‘নেতানিয়াহু ও তার সরকারকে পরিকল্পনা অনুযায়ী চলতে বাধ্য করতে আমরা মধ্যস্থতাকারী ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চাপের অপেক্ষায় আছি।’
ইসরাইলের মানচিত্রে গাজা ও পশ্চিম তীর
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) প্রকাশিত মধ্যপ্রাচ্যের একটি মানচিত্রে ফিলিস্তিনের গাজা উপত্যকা ও দখল করা পশ্চিম তীরকে ইসরাইলের অংশ হিসেবে দেখানো হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা অভিযোগ করেছেন।



