নয়া দিগন্ত ডেস্ক
চাঁদাবাজির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলামকে (সজীব) আটক করেছে পুলিশ। তিনি নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি দলীয় এমপি আজহারুল ইসলামের (মান্নান) ছেলে। এদিকে চট্টগ্রামের চান্দগাঁও বিসিকি শিল্প এলাকায় প্রকাশ্যে গুলি ছুড়ে চাঁদা দাবি করেছে পাঁচ যুবকের সশস্ত্র দল।
নারায়ণগঞ্জে এমপিপুত্র আটক
নারায়ণগঞ্জ প্রতিনিধি ও সোনারগাঁও সাংবাদদাতা জানান, চাঁদাবাজির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপি দলীয় এমপি আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে হেফাজতে নিয়েছে পুলিশ। সজীব নারায়ণগঞ্জ জেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক।
গতকাল রোববার দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সহায়তায় হেফাজতে নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।
পুলিশ সূত্র জানায়, বিকেল ৫টার দিকে সজীবকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আনা হয়। তার বিরুদ্ধে চাঁদাবাজির একাধিক অভিযোগ পাওয়ার পর এ বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সেখানে নেয়া হয়।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, সজীবের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে হেফাজতে নেয়া হয়েছে। তিনি পুলিশের সাথে সহযোগিতা করেছেন এবং জিজ্ঞাসাবাদের জন্য স্বেচ্ছায় এসপি কার্যালয়ে আসেন। পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক ঘণ্টার বেশি সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তবে অভিযোগের প্রকৃতি কিংবা মামলার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি পুলিশ। এ বিষয়ে তারেক আল মেহেদী বলেন, বিষয়টি নিয়ে এখনই বিস্তারিত কিছু জানানো সম্ভব নয়।
এদিকে সন্ধ্যায় পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক বার্তায় গণমাধ্যমকে জানানো হয়, খাইরুল ইসলাম সজীবকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেয়া হয়েছে। ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গন ও স্থানীয় পর্যায়ে আলোচনা শুরু হলেও এ বিষয়ে এখন পর্যন্ত সজীব বা তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
চট্টগ্রামে প্রকাশ্যে গুলি ছুড়ে চাঁদা দবি
চট্টগ্রাম ব্যুরো জানায়, চট্টগ্রাম নগরের চান্দগাঁও বিসিক শিল্প এলাকায় প্রকাশ্য দিবালোকে গুলি ছুড়ে চাঁদা দাবির ঘটনা ঘটেছে। শনিবার পাঁচ যুবকের একটি সশস্ত্র দল এই তাণ্ডব চালায়। তারা শিল্প এলাকার একটি প্রতিষ্ঠানের সামনে এসে ফাঁকা গুলি ছোড়ার পর মুঠোফোনে স্থানীয় এক যুবদল নেতাকে হত্যার হুমকি দেয়। এই ঘটনার পর থেকে পুরো শিল্প এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে, শনিবার চান্দগাঁও বিসিক শিল্প এলাকার ইয়ুনেস্কো (এসটিএস) গ্রুপের সামনের সড়কে আকস্মিক হানা দেয় পাঁচজনের একটি সশস্ত্র দল। তারা সেখানে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক তৈরি করে। ঘটনার কিছুক্ষণ পরই চান্দগাঁও ৪ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে পরিচিত এক যুবদল নেতাকে মুঠোফোনে হুমকি দেয়া হয়।
ভুক্তভোগী ওই নেতার ঘনিষ্ঠজনরা জানান, ফোনে তাকে অত্যন্ত অশালীন ভাষায় হুমকি দিয়ে বলা হয়, ‘তোকে প্রথমে পায়ে গুলি করব, দেখি তোর কোন বাপ তোকে বাঁচায়।’
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, পাঁচ যুবক চাঁদার দাবিতে চান্দগাঁও বিসিক শিল্প এলাকার ইয়ুনেস্কো ভবনে ঢুকছে। এর ঠিক আগ মুহূর্তে পিস্তল হাতে কয়েক রাউন্ড গুলি ছুড়ে তারা নিজেদের শক্তির জানান দেয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, শনিবার পাঁচজন সন্ত্রাসী চাঁদার দাবিতে এই ঘটনাটি ঘটিয়েছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। ভুক্তভোগী যুবদল নেতাসহ সংশ্লিষ্টদের থানায় লিখিত অভিযোগ দিতে বলা হলেও তারা এখনো কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেননি। তবে অভিযোগ না পেলেও পুলিশের পক্ষ থেকে অপরাধীদের শনাক্ত ও গ্রেফতার করতে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।



