দ্য ওয়াশিংটন পোস্ট
ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি ও বিস্তৃত সামরিক তৎপরতা পরিচালনা যুক্তরাষ্ট্রের নিজস্ব নিরাপত্তার ক্ষেত্রে গুরুতর ঝুঁকি সৃষ্টি করছে বলে সতর্ক করেছেন মার্কিন সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তারা। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের কাছে জমা দেয়া এক কৌশলগত মূল্যায়নে তারা জানান, চলমান এই সঙ্ঘাত বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সামগ্রিক প্রতিরক্ষা প্রস্তুতি ও সামরিক সক্ষমতাকে আশঙ্কাজনকভাবে দুর্বল করে দিচ্ছে।
পেন্টাগনের শীর্ষ জেনারেল ও চার-তারকা বিশিষ্ট কমান্ডাররা তাদের নিয়মিত মূল্যায়ন রিপোর্টে (এসডিওবি) প্রতিরক্ষা প্রধানের কাছে এই উদ্বেগের কথা জানান। এশিয়া, ইউরোপ ও লাতিন আমেরিকা অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত মার্কিন কমান্ডগুলো থেকে বিমান, যুদ্ধজাহাজ ও প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম প্রত্যাহার করে ইরান সঙ্ঘাতের দিকে ফিরিয়ে নেয়ায় মূল দায়িত্ব পালন বাধাগ্রস্ত হচ্ছে। বিভিন্ন অঞ্চলে নিয়মিত টহল ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা সীমিত করতে বাধ্য হচ্ছেন সামরিক অধিনায়করা। এই পরিস্থিতির সবচেয়ে বড় ধকল যাচ্ছে মার্কিন নৌবাহিনীর ওপর। নৌপ্রধান স্পষ্ট বার্তা দিয়েছেন যে, যুদ্ধের চূড়ান্ত সমাপ্তির কোনো নির্ধারিত সময়সীমা না থাকায় এই মাত্রায় সামরিক সহায়তা নিরবচ্ছিন্ন রাখা প্রায় অসম্ভব হয়ে পড়ছে।



