জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে আত্মনিয়োগ করতে হবে : ডা: তাহের

Printed Edition
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে বক্তব্য রাখেন বিরোধীদলীয় উপনেতা ডা: তাহের  : নয়া দিগন্ত
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে বক্তব্য রাখেন বিরোধীদলীয় উপনেতা ডা: তাহের : নয়া দিগন্ত

কুমিল্লা প্রতিনিধি ও চৌদ্দগ্রাম সংবাদদাতা

জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা ডা: সৈয়দ আবদুল্লাহ মো: তাহের বলেছেন, জামায়াত নেতাকর্মীদের সমাজের কল্যাণে আত্মনিয়োগ করতে হবে। দায়িত্বশীল ভূমিকা, সাহসিকতার পরিচয়, আমানতদারী, ত্যাগের মানসিকতা ও সাংগঠনিক শৃঙ্খলা রক্ষায় সবাইকে আপসহীন থাকতে হবে।

গতকাল শনিবার সকালে চৌদ্দগ্রাম উপজেলার ডলি রিসোর্টে অনুষ্ঠিত উপজেলা জামায়াতের ওয়ার্ড দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা: তাহের বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং মানুষের কল্যাণে কাজ করাই একজন ইসলামী কর্মীর প্রধান দায়িত্ব। সমাজের উন্নয়ন ও জনকল্যাণে জামায়াতের নেতাকর্মীদের আরো সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

তিনি আরো বলেন, চৌদ্দগ্রামের বিভিন্ন অবকাঠামো উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন ভবন নির্মাণ, শিক্ষার মানোন্নয়ন, বিভিন্ন সড়ক নির্মাণ ও সংস্কার, ইউনিয়ন পরিষদের নতুন ভবন নির্মাণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। একই সাথে একটি সুন্দর ও নিরাপদ চৌদ্দগ্রাম গঠনে মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে সবাইকে সচেতন ও সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।

চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি বেলাল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অধ্যক্ষ ড. শফিকুল আলম হেলাল, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন ও পৌরসভা আমির মাওলানা ইব্রাহীম।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সেক্রেটারি আব্দুর রহিম, পৌরসভা জামায়াতের নায়েবে আমির কাজী ইয়াছিন, পৌরসভা সেক্রেটারি মোশারফ হোসেন ওপেল, উপজেলা কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদিন পাটোয়ারী, ডা. মঞ্জুর আহমেদ সাকি, মাওলানা আবু বকর ছিদ্দিক, মাস্টার কামাল উদ্দিন মজুমদার, আবু তৈয়বসহ বিভিন্ন ইউনিয়নের আমীরবৃন্দ।

সম্মেলনে চৌদ্দগ্রাম পৌরসভা ও উপজেলার ১৩টি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিপুলসংখ্যক দায়িত্বশীল অংশগ্রহণ করেন।