অনুমোদনহীন ইনটেনসিভ কেয়ার ইউনিট বন্ধ

কেরানীগঞ্জে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা

Printed Edition

ঢাকা জেলা প্রতিনিধি

অনুমোদন না নিয়ে নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট পরিচালনা এবং লাইসেন্স নবায়ন ও মূল্য তালিকা না থাকার অভিযোগে ঢাকার কেরানীগঞ্জে দু’টি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে দেখা যায়, কেরানীগঞ্জের বাংলাদেশ লাইফ কেয়ার হাসপাতাল নামে একটি প্রতিষ্ঠানে কোনো অনুমোদন ছাড়াই নিওনেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট সেবা চালু রয়েছে। সদ্য জন্ম নেয়া শিশুদের নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ এ সেবাটি বেআইনিভাবে পরিচালনার দায়ে হাসপাতালটির ওই কার্যক্রম তাৎক্ষণিক বন্ধ করে দেয়া হয়। একইসাথে অন্যান্য অনিয়মের জন্য প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

অপরদিকে কদমতলী ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেন্ট সেন্টারের ডায়াগনস্টিক লাইসেন্সের নবায়ন এবং সেবার মূল্য তালিকা না থাকায় প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সহযোগিতা করেন কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোকাদ্দেস হোসেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুক বলেন, দুই প্রতিষ্ঠানকেই আগামী ১৫ দিনের মধ্যে সব কাগজপত্র নবায়ন করে জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। তিনি আরো বলেন, কেরানীগঞ্জে বিধিবহির্ভূত সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।