সংসদ প্রতিবেদক
মহান স্বাধীনতা যুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ জিয়া পরিবারের সদস্য হিসেবে বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে বীর মুক্তিযোদ্ধা এবং তার দুই ছেলে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও মরহুম আরাফাত রহমান কোকোকে
শিশু মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতির দাবি জানিয়েছেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান।
গতকাল জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি করেন। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অধিবেশনে সভাপতিত্ব করছিলেন।
মুজিবুর রহমান বলেন, ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে দীর্ঘ ৯ মাস বন্দী থেকেও যে অসীম ধৈর্য ও দেশপ্রেমের পরিচয় এই পরিবারটি দিয়েছে, তা ইতিহাসে বিরল।
আমাদের প্রিয় নেত্রী খালেদা জিয়া ১৯৭১ সালে দুই ছেলেসহ পাকিস্তানিদের হাতে বন্দী
ছিলেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার ছোট ভাই আরাফাত রহমান কোকো সেই অবর্ণনীয় কষ্টের দিনগুলো পার করেছেন মায়ের সাথে বন্দিশালায়।
এটি কোনো রাজনৈতিক চাটুকারিতা নয়, বরং ইতিহাসের সত্য।
তিনি বলেন, আমি নির্বাচনের আগেও বিভিন্ন রাজনৈতিক বক্তৃতায় বলেছি, আজও বলছি- বেগম খালেদা জিয়াকে তার অবদানের জন্য পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিতে হবে। পাশাপাশি, ৯ মাস বন্দী জীবন কাটানোয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার ভাই মরহুম আরাফাত রহমানকে শিশু মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় সম্মাননা দেয়া এখন সময়ের দাবি।
মুজিবর রহমান জানান, তারেক রহমানের যুগান্তকারী উক্তি ও দেশপ্রেমের আহ্বানে সাড়া দিয়ে সাধারণ মানুষ রাজপথে নেমেছে। তারা বিশ্বাস করেন, একটি বৈষম্যহীন দেশ গড়তে হলে ইতিহাসের প্রতিটি ত্যাগের সঠিক মূল্যায়ন প্রয়োজন।



