বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) অধীনে পরিচালিত ঢাকা ইপিজেডে এভারি ডেনিসনের প্রতিষ্ঠান প্যাক্সার বাংলাদেশ লিমিটেড একটি স্মার্ট ওয়্যারহাউজ চালু করেছে। বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সোমবার এই স্মার্ট ওয়্যারহাউজটি উদ্বোধন করেন। তৈরি পোশাক ও ফুটওয়্যার শিল্পের প্রয়োজনীয় লেবেল ও অন্যান্য পণ্য দ্রুত ও দক্ষতার সাথে সরবরাহের সক্ষমতা বাড়াতে প্যাক্সার বাংলাদেশের বিদ্যমান কার্যক্রমের সাথে সমন্বিতভাবে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর এ ওয়্যারহাউজ স্থাপন করা হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো: তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (ঢাকা ইপিজেড) মোহাম্মদ আব্দুল জব্বার, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, অ্যামচ্যামের সভাপতি সৈয়দ মোহাম্মদ কামালসহ বেপজা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে মার্কিন রাষ্ট্রদূত ঢাকা ইপিজেডের জোন কার্যালয়ে বেপজার নির্বাহী চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেন। এ সময় নির্বাহী চেয়ারম্যান তাকে বেপজার কার্যক্রম, ঢাকা ইপিজেডসহ বেপজার অধীন ইপিজেডগুলোতে বিনিয়োগ, রফতানি, কর্মসংস্থান, শ্রম পরিস্থিতি, শ্রমিক ও ব্যবস্থাপনার মধ্যে সুসম্পর্ক এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে বেপজার ভূমিকা সম্পর্কে অবহিত করেন। তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও রফতানি প্রবৃদ্ধিতে বেপজার অবদান এবং ইপিজেডগুলোতে প্রযুক্তিনির্ভর বিনিয়োগের সম্ভাবনাও তুলে ধরেন। সাক্ষাৎকালে আন্তর্জাতিক মানদণ্ড এবং বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের পারস্পরিক বাণিজ্যের মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা কাজে লাগানোর বিষয়ে আলোচনা হয়। পরে ভিজিটরস বুকে লিখিত মন্তব্যে মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা উন্মোচনে পারস্পরিক বাণিজ্যের এজেন্ডায় একসাথে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। জোন কার্যালয় প্রাঙ্গণে তিনি একটি গাছের চারাও রোপণ করেন। বিজ্ঞপ্তি।



