নিজস্ব প্রতিবেদক
ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় দেশের তিন বিভাগে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া মঙ্গলবার সকাল ৮টার পর থেকে গতকাল বুধবার সকাল ৮টা পর্যন্ত সারা দেশে হাসপাতালে ভর্তি হয়েছে এক হাজার ১১০ জন। নিহতদের চারজন পুরুষ এবং বাকি একজন নারী। এর মধ্যে ঢাকার উত্তর সিটি করপোরেশন এলাকায় হাসপাতালে দুইজন, ময়মনসিংহ বিভাগে দুইজন এবং বরিশাল বিভাগে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত সারা দেশে মোট ১০৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন। একই সময়ে সারা দেশে ৩৮ হাজার ২৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৩৫ হাজার ৪৪৩ জন সুস্থ হয়ে অথবা নিজের ইচ্ছায় হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।
অবশ্য গতকাল সকাল ৮টা পর্যন্ত সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে ঢাকা বিভাগে (৪৪০ জন)। ঢাকায় সারা দেশের মানুষ চিকিৎসা নিতে আসে বলে এখানে রোগীর সংখ্যা বেশি। তবে গতকাল ঢাকার বাইরে খুলনা বিভাগে ১৯০ জন ভর্তি হয়েছে। এ ছাড়া বরিশাল বিভাগে ১১০ জন, চট্টগ্রাম বিভাগে ১৭৫ জন, রাজশাহী বিভাগে ৯১ জন, ময়মনসিংহ বিভাগে ৬৫ জন রংপুর বিভাগে ৩২ জন এবং সিলেট বিভাগে সাতজন ভর্তি হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। ঢাকা বিভাগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৩৪ জন ও উত্তর সিটি এলাকায় হাসপাতালে ১৩৫ জন এবং সিটি করপোরেশনের বাইরের হাসপাতালে ভর্তি হয়েছে ১৭১ জন।
গত আগস্টে ঢাকার বাইরে বরিশাল বিভাগে সবচেয়ে বেশি মানুষ হাসপাতালে ভর্তি হলেও মৃত্যু বেশি হয়েছে খুলনা বিভাগে ১৮ জন। সারা দেশে ডেঙ্গুতে যে ১০৭ জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে কেবল ঢাকা বিভাগে মৃত্যু হয়েছে ৫১ জনের। এর মধ্যে ঢাকার দক্ষিণ সিটি এলাকার হাসপাতালে ৩৬ জন, উত্তর সিটির হাসপাতালে ১৫ জন এবং সিটির বাইরে বিভাগের অন্যান্য হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে। অপরদিকে খুলনা বিভাগে মারা গেছে ১৮ জন, বরিশাল বিভাগে ১০ জন, ময়মনসিংহ বিভাগে ১২ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চট্টগ্রামে বিভাগে সাতজন, রাজশাহীতে চারজন, রংপুর ও সিলেট বিভাগে একজন করে দুইজনের মৃত্যু হয়েছে।



