বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতাই সাংবাদিকতার মূল ভিত্তি : কামাল উদ্দিন সবুজ

Printed Edition

ফেনী অফিস

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কামাল উদ্দিন সবুজ বলেছেন, সাংবাদিকদের জন্য পথ কখনো মসৃণ নয়। সংগ্রাম ও দায়িত্বশীলতার মধ্য দিয়েই এগিয়ে যেতে হয়। রিপোর্ট লেখার সময় বস্তুনিষ্ঠতা এবং সম্পাদনার সময় দায়িত্বশীলতা নিশ্চিত করা সাংবাদিকতার অপরিহার্য শর্ত। তিনি বলেন, ‘পৃথিবীর কোনো দেশে শতভাগ মুক্ত গণমাধ্যম নেই, নিরপেক্ষতা বলতেও আসলে কিছু নেই। তবে মুক্ত গণমাধ্যমের প্রশ্নে যদি আমরা একমত থাকতে পারতাম, তাহলে অনেক কিছু করা সম্ভব হতো।’

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সোমবার বিকেলে ফেনী রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ইউনিটি কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কামাল উদ্দিন সবুজ আরো বলেন, ফেনী সাংবাদিকতার জন্য উর্বর ভূমি। এখানকার সাংবাদিকরা বাংলাদেশের সাংবাদিকতাকে উজ্জ্বল করেছেন। শুধু সাংবাদিকতায় নয়, ব্যবসা-বাণিজ্য, রাজনীতি, শিল্প ও সংস্কৃতিতেও ফেনীর কৃতী সন্তানদের ভূমিকা অগ্রগণ্য। এই ধারাবাহিকতা বর্তমান প্রজন্মকে ধরে রাখতে হবে।