টিভি না দেখালে দুধ দেয় না মহিষ!

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

বাড়িতে ছোট শিশুরা খাওয়ার সময় প্রায়ই বায়না করে বা জেদ ধরে। এমন দৃশ্য নিশ্চয়ই অনেকেই দেখেছেন। এমন পরিস্থিতিতে অনেক মায়েরা আবার সন্তানদের হাতে ফোন ধরিয়ে দেন বা টিভি চালিয়ে দেন, যাতে তারা চুপচাপ খেয়ে নেয়। কিন্তু কোনো মহিষকে এমনটা করতে দেখেছেন কেউ? সমাজমাধ্যমে বর্তমানে তেমনই একটি ঘটনার ভিডিও সম্প্রতি প্রকাশ্যে এসেছে। এতে দাবি করা হয়েছে একটি মহিষ কেবল টিভি দেখতে দেখতেই দুধ দেয়। চোখের সামনে টিভি বা রিল চালানো না থাকলে এক ফোঁটা দুধ দিতে চায় না মহিষটি।

সমাজমাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, এক যুবক এক মহিলাকে জিজ্ঞেস করছেন কেন তার মহিষ দুধ দিচ্ছে না। মহিলা উত্তর দেন, মহিষটি দুধ দেবে না। তখন ওই যুবক প্রশ্ন করেন, যদি এখনই না দেয়, তবে কখন দেবে? এর উত্তরে তিনি জানান, টিভিতে কিছু দেখালেই কেবল দুধ দেয় মহিষটি। উত্তর শুনে অবাক হয়ে যান যুবক। এর পর যা ঘটে, তা বেশ মজার। মহিষের দুধ দোয়ানোর জন্য বাড়ির টেলিভিশন চালিয়ে দেন মহিলা। টিভির আওয়াজ মহিষটির দৃষ্টি আকর্ষণ করে। সাথে সাথে দুধ দিতে শুরু করে সে।

ভাইরাল ভিডিওটি পোস্ট করা হয়েছে ঘণ্টা নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতোমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিও। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিওটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই আবার বিস্ময় প্রকাশ করেছেন অনেকে। মহিষটিকে একগুঁয়ে বা জেদি শিশুর সাথেও তুলনা করছেন। এক নেটাগরিক লিখেছেন, এই মহিষের বায়নাগুলো বেশ অদ্ভুুত। অন্য একজন লিখেছেন, ‘একেবারে বাড়ির ছোট বাচ্চার মতো আচরণ করছে। মহিষটি তো দেখছি খুব জেদি।’