রয়টার্স
ব্রিটেনের অভ্যন্তরীণ রাজনীতি ও স্পর্শকাতর বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) মালিক ও ধনকুবের ইলন মাস্কের হস্তক্ষেপের কড়া সমালোচনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বিতর্কিত মন্তব্য ও বিভাজন তৈরির চেষ্টার বিরুদ্ধে মাস্ককে সরাসরি হুঁশিয়ারি দিয়ে স্টারমার স্পষ্ট জানিয়েছেন, ব্রিটেনের রাজনীতিতে এই ধরনের হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সম্প্রতি ব্রিটেনে তীব্র জনরোষ ও রাজনৈতিক ঝড় তোলা একটি হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ইলন মাস্ক এক্সে কিছু বিতর্কিত পোস্ট ও মন্তব্য করার পর এই পরিস্থিতির সৃষ্টি হয়।
ঘটনার সূত্রপাত ও পুলিশের ভূমিকা
গত বছর হেনরি নোয়াক নামের ১৮ বছর বয়সী এক তরুণ ছুরিকাঘাতে গুরুতর আহত হন। ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর পর হামলাকারী দাবি করেন, হেনরি তার ওপর বর্ণবাদী হামলা চালিয়েছিলেন। এই মিথ্যা অভিযোগের ভিত্তিতে ব্রিটিশ পুলিশ মুমূর্ষু হেনরিকে বাঁচানোর চেষ্টা না করে উল্টো হাতকড়া পরিয়ে রাখে, যার ফলে পরে তার মৃত্যু হয়। গত সোমবার শিখ সম্প্রদায়ের সেই হত্যাকারীর সাজা ঘোষণার পর আদালতের নির্দেশে অভিযানের একটি ভিডিও ফুটেজ প্রকাশ্যে আসে। ভিডিওতে দেখা যায়, অসহায় নোয়াকের আকুতি পুলিশ কর্মকর্তারা সম্পূর্ণ উপেক্ষা করছেন।
স্টারমারের প্রতিক্রিয়া ও পারিবারিক অবস্থান
মাস্কের এমন মন্তব্যের জবাবে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সাংবাদিকদের বলেন, ‘মাস্ক কয়েক দিন ধরে আবার আমাদের রাজনীতিতে হস্তক্ষেপ করছেন এবং বিভাজন সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন। কিন্তু ব্রিটেন এভাবে চলে না।’ ওই ঘটনায় পুলিশের জবাবদিহিতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়ার পাশাপাশি বিক্ষোভের নামে সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টির তীব্র নিন্দা জানান প্রধানমন্ত্রী। একটি মৃত্যুকে পুঁজি করে উত্তেজনা ছড়ানোর এই চেষ্টাকে তিনি ‘ক্ষমার অযোগ্য’ বলে আখ্যা দেন।



