বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লার বুড়িচং পৌরসভার একটি সরকারি রাস্তার ইটের সলিং তুলে ফেলার অভিযোগ উঠেছে স্থানীয় একটি পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।
অভিযোগ সূত্রে জানা গেছে, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের উত্তরপাড়া এলাকায় প্রায় তিন বছর আগে উপজেলা পরিষদের উন্নয়ন তহবিলের অর্থায়নে একটি রাস্তা নির্মাণ করা হয়। ইটের সলিং বসানোর পর থেকে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও কয়েকটি পরিবারের সদস্যরা নিয়মিত সড়কটি ব্যবহার করে আসছিলেন।
স্থানীয়দের অভিযোগ, রাস্তার পাশের বাসিন্দা কাসেম মিয়া, তার স্ত্রী রাশেদা আক্তার ও ছেলে শাকিল দীর্ঘদিন ধরে ওই পথে জনসাধারণের চলাচলে আপত্তি জানিয়ে আসছিলেন। একপর্যায়ে তারা রাস্তার ইটের সলিং তুলে ফেলেন। এতে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
এ ঘটনায় বাদশা মিয়ার ছেলে মো: শাহিন মিয়া এলাকাবাসীর পক্ষে ইউএনও’র কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, অভিযুক্ত ব্যক্তিরা শুধু রাস্তার ইটই তুলে ফেলেননি; বরং ওই পথে মানুষের চলাচলেও বাধা দিচ্ছেন। সরকারি সম্পদের ক্ষতি এবং জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে। বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন বলেন, অভিযোগটি পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যকে নির্দেশ দেয়া হয়েছে। অভিযোগের সত্যতা মিললে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।



