সংক্ষিপ্ত সংবাদ

Printed Edition

দেওয়ানগঞ্জে সীমান্তে টহল জোরদার

জামালপুরের দেওয়ানগঞ্জে সীমান্তে ভারত থেকে পুশইন ঠেকাতে ২৪ ঘণ্টা টহল জোরদার করেছে বিজিবি। সেই সাথে সতর্ক অবস্থায় রয়েছে সীমান্তবর্তী এলাকাবাসী। গত বুধবার উপজেলার সীমান্তবর্তী পাররামরামপুর ইউনিয়নের উত্তর রহিমপুর গ্রামে ১০৮০ সীমানা পিলারের সামনে দিয়ে ভারত থেকে পুশইন অপচেষ্টা চালালে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এতে বাধা দেয়। বিজিবি ও বিএসএফের মধ্যে বাগি¦তণ্ডা শুরু হলে সীমান্তবর্তী এলাকাবাসী সঙ্ঘবদ্ধ হয়ে তীব্র প্রতিবাদ জানালে পিছু হটে বিএসএফ। প্রতিহত করা হয় পুশইন। পাশর্^বর্তী উপজেলা বকশীগঞ্জেও একাধিকবার ভারত থেকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হলে তা প্রতিহত করে বিজিবি। এ নিয়ে বিজিবি ও বিএসএফ ছাড়াও উভয় দেশের জনগণের মধ্যেও সীমান্ত এলাকায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পুশইন বিষয় নিয়ে জামালপুর জেলার সাথে ভারতের প্রায় ৮০ কিলোমিটার সীমান্ত এলাকায় মানুষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। দেওয়ানগঞ্জ (জামালপুর) সংবাদদাতা।

কৃষি পণ্য লুট ও পান গাছ কাটার প্রতিবাদ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের সুনছড়া ও ডবলছড়া এলাকায় কৃষি পণ্য লুট এবং পান গাছ কেটে ফেলার অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার কমলগঞ্জ উপজেলা চৌমুহনী এলাকায় আয়োজিত এ মানববন্ধনে চা শ্রমিক, স্থানীয় বাসিন্দা, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ডবলছড়া (সুনছড়া) চা বাগানের নন-ওয়ার্কার শ্রমিকরা নিজেদের বসতভিটার আশপাশ ও বাগানের পতিত জমিতে পান, লেবুসহ বিভিন্ন কৃষি পণ্যের চাষ করে জীবিকা নির্বাহ করেন। কিন্তু একটি প্রভাবশালী দুর্বৃত্তচক্র তাদের উৎপাদিত কৃষিপণ্য বাজারে নিতে বাধা দিয়ে জোরপূর্বক কম দামে বিক্রি করতে বাধ্য করছে। বাজারে বা অন্য ক্রেতার কাছে পণ্য বিক্রির চেষ্টা করলে হুমকি ও বাধার সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ করেন তারা। কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা।

নড়াইলে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

নড়াইলে পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। গত বুধবার সকালে নড়াইল পৌরসভার ভাটিয়া এলাকায় পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এরা হলো-ভাটিয়া গ্রামের দিনমজুর মাজেদুল শেখের দুই বছরের শিশুপুত্র ওমর ফারুক এবং তার বড় ভাই পাঁচ বছরের শিশুপুত্র আবু বক্কার। খেলার ছলে বাড়ির পাশের পুকুরে ডুবে মারা যায় তারা। এ সময় তার মা ঘরে ঘুমিয়ে ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তিনি ঘুম থেকে উঠে ঘরে সন্তানদের না দেখে বাড়ির পাশে খোঁজাখুঁজি শুরু করেন। এরপর বাড়ির পাশের পুকুরে খোঁজার এক পর্যায়ে তাদের সন্ধান পান। এ দিকে নড়াইল সদরের শোলপুর গ্রামের বাপ্পী শেখের দেড় বছরের শিশুপুত্র আব্দুর রহমান খেলার ছলে বুধবার দুপুরে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে মারা গেছে। নড়াইল প্রতিনিধি।

৯ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শীর্ষ মাদক কারবারি ওমর ফারক ওরফে বুলেট ফারুককে ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ আটক করেছে। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রয়ের নগদ ১ লাখ ৩০ হাজার টাকা, একটি রয়েল এনফিল্ড মোটরসাইকেল এবং দু’টি মোবাইল ফোন জব্দ করা হয়। গতকাল বেগমগঞ্জ মডেল থানার পুলিশ তাকে নোয়াখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে। গ্রেফতারকৃত বুলেট ফারুক (৪৪) উপজেলার রসুলপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লতিফপুর গ্রামের কামাল উদ্দিন হাজীর বাড়ির মৃত আব্দুল খালেকের ছেলে। এলাকাবাসী জানান, বুধাবার রাতে বেগমগঞ্জ উপজেলার জমিদারহাট পূর্ব বাজার এলাকার ফেনী-চৌমুহনী মহাসড়কে ডিএনসি-রথ্যাবের যৌথ অভিযানে ওমর ফারুক ওরফে বুলেটকে গ্রেফতার করা হয়। রাতে তাকে বেগমগঞ্জ মডেল থানায় সোপর্দ করে। নোয়াখালী অফিস।

বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু

বান্দরবান সদর হাসপাতালের সম্প্রসারিত ভবনে নির্মাণকাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল বান্দরবান সদর হাসপাতাল প্রাঙ্গণে এই দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা হলেন মো: সাকিব (২০) ও কামরুল হাসান (৩৫)। তারা ভোলা জেলার চরফ্যাসন উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। এ ঘটনায় আরো দুই শ্রমিক আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক তাদের নাম পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বান্দরবান সদর হাসপাতালের সার্ভিস ভবনে নির্মাণকাজ করছিলেন সাকিব ও কামরুল হাসান। কাজ করার একপর্যায়ে ভবনের পাশে থাকা বৈদ্যুতিক মূল তারের সাথে একটি লোহার অ্যাঙ্গেলের সংস্পর্শ হলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়, এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। পরে খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং প্রয়োজনীয় কার্যক্রম শুরু করেন। বান্দরবান প্রতিনিধি।

নেতৃত্ব উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারী-পুরুষের অংশগ্রহণ জোরদারের লক্ষ্যে দিনাজপুরের নবাবগঞ্জে নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার দাউদপুরে সিসিডিবি কার্যালয়ের হলরুমে দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় ‘সমান আওয়াজ’ প্রকল্পের এরিয়া ম্যানেজার মাহফুজা নাজনীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাবগঞ্জ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসার ফয়েজ ইমতিয়াজ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, স্থানীয় পর্যায়ে ইতিবাচক পরিবর্তন আনতে দক্ষ নেতৃত্বের বিকল্প নেই। নারী-পুরুষ উভয়ের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন আরো ত্বরান্বিত হবে। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ২৫ জন অংশগ্রহণকারী অংশ নেন। এর মধ্যে ১৪ জন নারী এবং ১১ জন পুরুষ ছিলেন। নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা।

ভেজাল খাদ্য তৈরির কারখানা বন্ধ ঘোষণা

খাদ্যপণ্যে ভেজাল ও অনিয়মের অভিযোগে রাজবাড়ী সদর উপজেলার অন্তরমোড় এলাকায় ‘মায়ের দোয়া ফুড প্রোডাক্ট’ নামে একটি কারখানায় অভিযান চালিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। অভিযানে টেক্সটাইল রং মিশিয়ে তৈরি করা বুটের ডাল জব্দ ও ধ্বংস করা হয়েছে এবং কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। গত বুধবার দুপুরে পরিচালিত এ অভিযানে কারখানার ভেতর থেকে লাল টেক্সটাইল রং উদ্ধার করা হয়। তদন্তকালে উৎপাদনকারী ওই রং বুটের ডালে ব্যবহার করার বিষয়টি স্বীকার করেন। অভিযানে আরো উঠে আসে চরম অস্বাস্থ্যকর পরিবেশের চিত্র। সংরক্ষিত গুড় ছিল ময়লা ও পিঁপড়াযুক্ত, ভাজার কাজে ব্যবহৃত তেল ছিল অতিরিক্ত পোড়া ও কালো। মসলা মাখানোর জায়গাসহ পুরো উৎপাদন এলাকা অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যায়। কাঁচামাল ও প্রস্তুত পণ্য মেঝেতে রাখা হচ্ছিল এবং মিক্সার ও রোলিং মেশিনেও ছিল ময়লার স্তর। পরে অভিযান চালিয়ে প্রায় ১২০ কেজি রং মেশানো ভাজা বুটের ডাল ও ৫০০ গ্রাম টেক্সটাইল রং জব্দ করে ধ্বংস করা হয়। রাজবাড়ী প্রতিনিধি।

আম খেয়ে পাঁচজন ডায়রিয়ায় আক্রান্ত, নারীর মৃত্যু

খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের মঠবাড়ি গ্রামে আম খাওয়ার পর একই পরিবারের পাঁচ সদস্য ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে লতিকা সানা (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের আরো চার সদস্য কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অসুস্থরা হলেন, তুলসী সানা (৪২), ইন্দ্রজিৎ সানা (১৪), বিবেকানন্দ সানা (৬০) ও প্রকাশ সানা (৫১)। তারা বর্তমানে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ৯ জুন রাতে পরিবারটির ছয় সদস্যের মধ্যে পাঁচজন সদস্য মহারাজপুর ইউনিয়নের হায়াতখালী বাজার থেকে কেনা আম খেয়ে ঘুমিয়ে পড়েন। আম খাওয়া পাঁচজনই পরদিন ভোর থেকে পেটের সমস্যায় ভুগতে শুরু করেন। তাদের বারবার পাতলা পায়খানা ও শারীরিক দুর্বলতা দেখা দেয়। একপর্যায়ে অবস্থার অবনতি হলে বিকেলে তাদের কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। তবে লতিকা সানার শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটে। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কয়রা (খুলনা) সংবাদদাতা।