চলতি বছরের এসএসসি পরীক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো অসাধারণ সাফল্য অর্জন করেছে। এ বছর ৩৯টি বাংলা মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আট হাজার ৪৫৭ জন এবং ২৬টি ইংরেজি মাধ্যম প্রতিষ্ঠান থেকে এক হাজার ৬০৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। মোট ৬৫টি প্রতিষ্ঠান থেকে ১০ হাজার ৬৬ শিক্ষার্থীর মধ্যে ৯ হাজার ৯৯২ জন পাস করেছে। তাদের মধ্যে ছয় হাজার ২০৪ জন জিপিএ-৫ পেয়েছে । গড় পাসের হার ৯৯.২৬% এবং জিপিএ-৫ প্রাপ্তির হার ৬২.০৯%।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই ধারাবাহিক কৃতিত্বের মূল চালিকাশক্তি হলো ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজগুলোর বিদ্যমান শৃঙ্খলাপূর্ণ শিক্ষাবান্ধব পরিবেশ, যোগ্য ও অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের নিবিড় পরিচর্যা ও সুনিপুণ পাঠদান, শিক্ষার্থীদের নিষ্ঠা, নিয়মিত অধ্যয়ন এবং নিরবচ্ছিন্ন প্রচেষ্টা।
এ ছাড়াও উক্ত সাফল্যের পেছনে রয়েছে প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের দূরদর্শী দিকনির্দেশনা, দক্ষ অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের কার্যকর নেতৃত্ব, নিবেদিতপ্রাণ অনুষদ সদস্য, কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রয়াস এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতা। আইএসপিআর।



