নিজস্ব প্রতিবেদক
অর্থনীতিবিদ, উদ্যোক্তা, সমাজসেবক ও দিগন্ত মিডিয়া করপোরেশনের সাবেক চেয়ারম্যান মীর কাসেম আলীর দশম শাহাদতবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব নয়া দিগন্ত কার্যালয়ে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে নয়া দিগন্তের সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবর বলেন, মীর কাসেম আলীকে হারানোর শোক শক্তি হয়ে সবসময় আমাদের কাজে প্রেরণা জোগায়। বাংলাদেশকে গড়ে তুলতে তার স্বপ্নকে ব্যাহত করতেই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তাকে হত্যায় জুডিশিয়াল কিলিংয়ের আশ্রয় নেয়। তার রেখে যাওয়া এই প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখা ও পরিচালনায় আল্লাহর সহায়তা কামনা করে তিনি বলেন, নয়া দিগন্তের প্রতিটি কর্মীর কাছে প্রতিষ্ঠানটি পবিত্র এক আমানত। এই শোকাবহ দিনে তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে নয়া দিগন্ত পরিবার।
অনুষ্ঠানে নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলী বলেন, মীর কাসেম আলী শুধু শীর্ষ শিল্পোদ্যোক্তা, দানবীর ও ইসলামপন্থী অর্থনৈতিক কর্মকাণ্ডের অগ্রদূত ছিলেন না একই সাথে ইসলামী ব্যাংক, ইবনে সিনা ট্রাস্ট, দিগন্ত মিডিয়া করপোরেশনসহ অনেক প্রতিষ্ঠান গড়ে তোলার ক্ষেত্রে অদম্য ও সাহসী ভূমিকা রাখেন। জাতীয় অর্থনীতি শক্তিশালী, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বিনিয়োগসহ নানা সামাজিক কল্যাণমূলক কাজে সক্রিয় ভূমিকার কারণেই তিনি আধিপত্য শক্তির টার্গেটে পরিণত হন। তার পরিবারের ওপর নেমে আসে অমানবিক নির্যাতন। আজকের ব্যাংকিং খাত ও অর্থনৈতিক দুরবস্থাসহ নানা সঙ্কটে মীর কাসেম আলীর অনুপস্থিতি ও তার নেতৃত্বের অভাব প্রকট হয়ে দেখা যাচ্ছে।
দোয়া মাহফিলে মুনাজাত পরিচালনা করেন মাওলানা লিয়াকত আলী। মুনাজাতে তিনি মীর কাসেম আলীকে বেহেশতের সর্বোচ্চ স্থানে মর্যাদাপূর্ণ আসন দেয়ার জন্য আল্লাহর কাছে আকুতি জানান। মীর কাসেম আলীর শাহাদতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন ইসলামপন্থী রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সমর্থকগোষ্ঠী দোয়া মাহফিল, কুরআন খতম ও আলোচনা সভার আয়োজন করে।



