নিজস্ব প্রতিবেদক
জুলাই গণহত্যার বিচার এবং জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস, ঢাকা মহানগর দক্ষিণ। সমাবেশে বক্তারা জুলাই আন্দোলনের শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় সরকারের প্রতি কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান।
গতকাল শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ আহ্বান জানান বক্তারা।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান বলেন, জুলাইয়ের রক্তের সাথে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না। জুলাই গণহত্যার বিচার, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন এবং জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। শহীদদের রক্তের সাথে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা জাতি মেনে নেবে না।
সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে শুরু হয়ে পল্টন মোড় অতিক্রম করে নাইটিঙ্গেল মোড় প্রদক্ষিণ করে পুনরায় পল্টন মোড়ে এসে শেষ হয়। সেখানে সভাপতির বক্তব্য ও দোয়ার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
বাংলাদেশ খেলাফত যুব মজলিস, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সহসভাপতি মাওলানা ওমর ফারুক মাতুব্বরের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদের সদস্য মাওলানা আব্দুল্লাহ আশরাফ ও মাওলানা জাকির হুসাইন, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশিদ ভূঁইয়া এবং ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা রাকিবুল ইসলাম।



