ব্যাংকক পোস্ট
থাইল্যান্ডের মুকদাহান প্রদেশের মুয়াং জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত আটজন বৌদ্ধ ভিক্ষু প্রাণ হারিয়েছেন। ১১ বছর বয়সী এক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর বেপরোয়া গতিতে চালিয়ে আসা একটি পিকআপ ভ্যানের ধাক্কায় এই হতাহতের ঘটনা ঘটে। এই ঘটনায় আরো ১৮ জন গুরুতর জখম হয়েছেন, যাদের মধ্যে ১৩ জনের শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত সঙ্কটাপন্ন। গতকাল বৃহস্পতিবার সকালের দিকে না সি নুয়ান গ্রামের একটি সড়কের পাশে এই দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, ডন তান জেলার দিকে একটি ধর্মীয় পদযাত্রায় অংশ নিয়ে হেঁটে যাচ্ছিলেন ৩৪ জন বৌদ্ধ ভিক্ষুর একটি দল। দুপুর পৌনে ১২টার দিকে আকস্মিকভাবে একটি দ্রুতগতির ইসুজু পিকআপ ভ্যান চালকের নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি ওই পদযাত্রীদের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন ভিক্ষু মারা যান এবং পরে তাদের লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া মুকদাহান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো তিনজন ভিক্ষুর মৃত্যু হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, দুর্ঘটনার সময় গাড়িটির চালকের আসনে ছিল ১১ বছর বয়সী এক বিশেষ চাহিদাসম্পন্ন শিশু। বাবার অলক্ষ্যে ঘর থেকে চাবি নিয়ে ডন তান জেলা থেকে মুয়াং জেলার অভিমুখে একাই গাড়িটি চালিয়ে আসছিল সে।



