সততা-দক্ষতা থাকলে জনগণের প্রত্যাশা পূরণ করা যায় : সাদিক কায়েম

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন, দক্ষ নেতৃত্বের অভাবে বাংলাদেশ বারবার পিছিয়ে পড়ছে। স্বাধীনতাপরবর্তী বিগত ৫৫ বছরে সবচেয়ে বড় সঙ্কট দক্ষ ও সৎ নেতৃত্ব। ঢাকাবাসী যদি আগামীতে তাদের নগরের জন্য দক্ষ ও সৎ নেতৃত্ব বাছাই করতে না পারে তবে ঢাকা সিটি করপোরেশনের অব্যবস্থাপনা, অনিয়ম-দুর্নীতি থেকে নগরবাসী মুক্তি পাবে না। তিনি ডাকসু নেতৃত্বের সাফল্য তুলে ধরে বলেন, আমরা নির্বাচিত হওয়ার পর অনেকেই বলেছিল আমরা অনভিজ্ঞ, আমরা ডাকসু চালাতে পারবো না। কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি শুধুমাত্র সততা, দক্ষতা আর আন্তরিকতা থাকলেই জনগণের প্রত্যাশা পূরণ করা যায়। তিনি বলেন, আমরা ঢাকা সিটি করপোরেশনের দায়িত্ব পেলে এক মেয়াদে ঢাকার চেহারা পরিবর্তন করে জনগণের দুর্ভোগ চিরতরে নিরসন করবো।

রমনা সমাজ কল্যাণ সোসাইটির উদ্যোগে শনিবার বিশিষ্টজনদের সম্মানে মেজবানি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। রমনা সমাজ কল্যাণ সোসাইটির চেয়ারম্যান ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৯ নং ওয়ার্ড (রমনা) কাউন্সিল পদপ্রার্থী আবদুস সাত্তার সুমনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত মেজবানিতে স্থানীয় বিভিন্ন শ্রেণিপেশার তিন শতাধিক বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে রমনা সমাজ কল্যাণ সোসাইটির উপদেষ্টা অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেন, রমনা সমাজ কল্যাণ সোসাইটি প্রতিষ্ঠাকাল থেকে স্থানীয়দের নানাবিধ সেবায় নিয়োজিত রয়েছে। দুর্যোগ-দুর্দিনে রমনা সমাজ কল্যাণ সোসাইটি দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। যার নেতৃত্বে রমনা সমাজ কল্যাণ সোসাইটি পরিচালিত হয়ে আসছে তিনি যদি রমনার কাউন্সিলর নির্বাচিত হন তবে আশা করা যায়, নগর সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে পারবেন। যিনি সামাজিক কাজে অভ্যস্ত তিনি জনপ্রতিনিধি হলে জনগণের কল্যাণে ব্যাপকভিত্তিক সামাজিক কাজ বাস্তবায়িত হবে। কিন্তু যারা সামাজিক কাজ করে না তাদেরকে জনপ্রতিনিধি করা হলে জনগণের দুর্ভোগ নিঃশেষ হবে না। জনগণের দুর্ভোগ নিঃশেষ করতে আগামীতে সৎ যোগ্য দক্ষ এবং আল্লাহ ভীরু নেতৃত্বকে জনপ্রতিনিধি নির্বাচিত করতে তিনি রমনাবাসীর প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, ফরচুন শপিং কমপ্লেক্স জামে মসজিদের খতিব মাওলানা সোহায়ল জামিল, বিশিষ্ট ব্যবসায়ী ইউসুফ চৌধুরী, আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতাল মসজিদের খতিব মাওলানা ড. মো: হাবিবুর রহমান, শহীদ ফারহান ফাইয়াজের পিতা মো: শহিদুল ইসলাম, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ডা: রুহুল কুদ্দুস বিপ্লব, সাংবাদিক গোলাম মোস্তফা, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেক, অধ্যাপক নাছির হায়দার, রমনা সমাজ কল্যাণ সোসাইটির সেক্রেটারি মো: আতিকুর রহমান প্রমুখ।