ইনফান্তিনোর প্রতি ট্রাম্পের সমর্থন

Printed Edition

ক্রীড়া ডেস্ক

এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রম্পের সমর্থন পেলেন ফিফা সভাপতি। জিয়ান্নি ইনফান্তিনোকে সরিয়ে দেয়ার যেকোনো উদ্যোগকে ‘ভয়াবহ ভুল’ বলে মন্তব্য করেছেন মার্কিন ট্রাম্প। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি ইনফান্তিনোর প্রতি প্রকাশ্য সমর্থন জানান।

ট্রাম্প লিখেছেন, ‘কোনো কারণে যদি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে পরিবর্তনের কথা বিবেচনা করা হয়, তবে তা হবে একটি ভয়াবহ ভুল।’ তিনি ইনফান্তিনোকে ‘দারুণ নেতা’ আখ্যা দিয়ে বলেন, তার নেতৃত্বেই ইতিহাসের সবচেয়ে সফল ও লাভজনক বিশ্বকাপ আয়োজন হয়েছে।

সম্প্রতি বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতায় বেসরকারি বিনিয়োগ আনার একটি প্রস্তাব নিয়ে সমালোচনার মুখে পড়েন ইনফান্তিনো। তীব্র বিরোধিতার কারণে পরে তিনি সেই পরিকল্পনা প্রত্যাহার করেন। এ ঘটনাকে কেন্দ্র করে ইউরোপের ফুটবল সংস্থা উয়েফা, উত্তর ও মধ্য আমেরিকার কনকাকাফএবং এশিয়ার এএফসি যৌথ এক খোলা চিঠিতে ইনফান্তিনোর বিরুদ্ধে আস্থাভঙ্গ ও বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ তোলে।

তবে ফিফা এসব অভিযোগ প্রত্যাখ্যান করে জানায়, সংস্থাটিকে এবং ইনফান্তিনোকে দুর্বল করার চেষ্টা চলছে। অন্য দিকে ট্রাম্পের এই অবস্থান যুক্তরাষ্ট্রের ফুটবল কর্তৃপক্ষের মতের সঙ্গে সাংঘর্ষিক, কারণ ইউএস সরকারও ইনফান্তিনোর সমালোচকদের কাতারে রয়েছে।

গত মাসে বিশ্বকাপ ফাইনালে ট্রাম্প ও ইনফান্তিনোকে একসঙ্গে দেখা যায়। এর আগে বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ইনফান্তিনো ট্রাম্পকে ‘ফিফা পিস প্রাইজ’ প্রদান করেছিলেন।