চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম নগরের অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়কে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার সকাল ৭টার দিকে মিছিলটি বের করা হয়। এ সময় ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় সংগঠনটির নেতাকর্মীদের।

রাউজান উপজেলা ছাত্রলীগের সংগঠক আসিফ তুষারের নেতৃত্বে মিছিলটিতে অংশ নেন অন্তত ১৫-২০ জন নেতাকর্মী। এ সময় ব্যানারে জুলাই গণ-অভ্যুত্থান ঘিরে একাধিক হত্যা মামলায় কারাবন্দি সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর ছবি দেখা যায়।

এ মিছিলের কিছু ছবি ও ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ঘুরতে দেখা যায়। সেখানে আসিফের নেতৃত্বে অন্যরা স্লোগান ধরেন এবং কয়েক মিনিট স্থায়ী মিছিলটি দ্রুত শেষ করে নেতাকর্মীরা সরে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সড়কটি তুলনামূলক ফাঁকা অবস্থায় ২০ থেকে ২৫ জনের একটি দল অনন্যা আবাসিক এলাকা থেকে মিছিল বের করে। এ সময় তারা জয় বাংলা স্লোগান দিতে দিতে কুয়াইশ সড়কের দিকে চলে যায়। পরে তারা দ্রুত সড়কটি ছেড়ে যায়।

এ বিষয়ে বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল করিম জানান, মিছিলের ছবি ও ভিডিও আমাদের হাতে এসেছে। এলাকাটি হাটহাজারী থানাধীন।