ভোলাহাটে ৪ জয়িতাকে পুরস্কার প্রদান

Printed Edition

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় জীবন সংগ্রামে সাফল্য অর্জনকারী চার নারীকে উপজেলা মহিলাবিষয়ক অফিস তাদের অবদানের স্বীকৃতি হিসেবে ‘জয়িতা’ নির্বাচিত করে পুরস্কার প্রদান করেছে। উপজেলা যাচাই-বাছাই কমিটির বিশেষ সিদ্ধান্তের ভিত্তিতে নির্বাচিত এই নারীরা বিভিন্ন ক্ষেত্রে নিজেকেই প্রমাণ করেছেন এবং সমাজে উদাহরণ স্থাপন করেছেন।

অর্থনৈতিকভাবে স্বাবলম্বী নারী হিসেবে নির্বাচিত হয়েছেন লাইলী বেগম। সংসারের অভাব ও চাপের মধ্যেও তিনি হাল ছাড়েননি। নির্যাতনের কষ্ট ও চরম প্রতিকূলতা অতিক্রম করে জীবন সংগ্রামে জয়ী হয়েছেন নাজিমা খাতুন। অল্প বয়সেই পিতাকে হারানো নাজিমা খাতুন মানুষের বাড়িতে কাজ করে সংসারের খরচ নির্বাহ শুরু করেন। বিবাহিত জীবনেও তিনি নির্যাতন ও অবহেলার শিকার হলেও হাল ছাড়েননি। সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখার স্বীকৃতি পেয়েছেন মার্জিয়া বেগম। দরিদ্র কৃষক পরিবারে জন্ম নেয়া মার্জিয়া বেগম পারিবারিক অভাব ও স্বামীর কর্মসূত্রে দূরে থাকার পরিস্থিতির মধ্যেও সংসারের দায়িত্ব পালন করেছেন।

শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জন করেছেন মৌসুমী আক্তার। সামাজিক বাধা ও নানা প্রতিকূলতার মধ্যেও বর্তমানে রাজশাহী কলেজে ব্যবস্থাপনা বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মৌসুমী আক্তার নারী ও সমাজ উন্নয়নমূলক কাজে যুক্ত রয়েছেন।