ক্রীড়া প্রতিবেদক
অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটের স্মরণীয় এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। দারুণ এই জয়ের ফলে এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত হয়েছে টাইগারদের সিরিজ জয়।
মিরপুরে টসে জিতে এদিন আগে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। বৃষ্টি নামার আগে ৮ উইকেট হারিয়ে ১৮৭ রান তোলে। ডাকওয়ার্থ লুইস স্টার্ন মেথডে ৪১ ওভারে ১৯২ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। শুরুতে তানজিদ হাসান তামিমকে হারালেও নাজমুল হোসেন শান্ত-সৌম্য সরকারের ব্যাটে ভর করে পরিস্থিতি সামাল দিয়েছে বাংলাদেশ। মাঝে ছন্দপতন হলেও শেষ দিকে মিরাজ এবং হৃদয়ের ব্যাটে ভর করে ৫ উইকেটের জয়ে সিরিজ জয় নিশ্চিত হয়েছে।
বরাবরই বাংলাদেশের ক্রিকেটের বেশ বড় এক সমর্থক ইয়ান বিশপ। চলতি সিরিজেই নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে এক্সে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিশপ। এবার সিরিজ জয়ে বাংলাদেশ দলকে জানিয়েছেন অভিনন্দন। এক্স পোস্টে ইয়ান বিশপ লিখেছেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের জন্য বাংলাদেশকে অভিনন্দন। ঘরের মাঠে ম্যাচ জেতা অনেক গুরুত্বপূর্ণ, সামনে যে দলই থাকুক না কেন, তাদের বিপক্ষেই জয় তুলে নিতে হবে।
অসিদের বিপক্ষে প্রথমবার ওয়ানডে সিরিজ জিতলো বাংলাদেশ। এই সিরিজের আগে ওয়ানডেতে অজিদের বিপক্ষে একমাত্র জয় ছিল ২০০৫ সালে।



