নিশাঙ্কার বিধ্বংসী সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে উড়িয়ে সুপার এইটে শ্রীলঙ্কা

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাথুম নিশাঙ্কার অনবদ্য সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়ে সুপার এইট নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। এই জয়ে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে লঙ্কানরা। অন্য দিকে তিন ম্যাচের মধ্যে দু’টিতে হেরে চরম বিপাকে পড়েছে অজিরা। পরের রাউন্ডে যেতে হলে শেষ ম্যাচে জয়ের পাশাপাশি এখন তাদের তাকিয়ে থাকতে হবে রান রেটের সমীকরণের দিকে।

১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই কুশল পেরেরাকে (১) হারিয়ে কিছুটা ধাক্কা খায় শ্রীলঙ্কা। তবে সেই চাপ মুহূর্তেই ম্লান করে দেন ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস। দ্বিতীয় উইকেটে এই জুটি গড়েন ৯৭ রানের বিশাল ভিত। মেন্ডিস ৩৮ বলে ৫১ রান করে বিদায় নিলেও নিশাঙ্কা ছিলেন রুদ্রমূর্তিতে। পাভান রতœায়েককে (২৮*) সাথে নিয়ে মাত্র ৫২ বলে ১০টি চার ও ৫টি ছক্কায় আসরের প্রথম সেঞ্চুরি তুলে নেন নিশাঙ্কা। তার ১০০ রানের অপরাজিত ইনিংসে ভর করে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় লঙ্কানরা।

কলম্বোয় টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন লঙ্কান অধিনায়ক দাসুন শানাকা। ব্যাটিংয়ে নেমে দুই অজি ওপেনার ট্র্যাভিস হেড ও মিচেল মার্শ পাওয়ার প্লেতেই ৭০ রান তুলে লঙ্কান বোলারদের ওপর চড়াও হন। ১০৪ রানের ওপেনিং জুটিতে বড় সংগ্রহের ইঙ্গিত দিচ্ছিল অজিরা। ট্র্যাভিস হেড ২৭ বলে ৫৬ এবং মিচেল মার্শ ৫৪ রান করে সাজঘরে ফিরলে ম্যাচের চিত্র বদলে যায়।

লঙ্কান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে দ্রুত বিদায় নেন ক্যামেরন গ্রিন (৫) ও টিম ডেভিড (৬)। মাঝে জশ ইংলিশ (২৭) ও গ্লেন ম্যাক্সওয়েল (২২) কিছুটা চেষ্টা করলেও অস্ট্রেলিয়ার ইনিংস ১৮১ রানে থমকে যায়। শ্রীলঙ্কার হয়ে বল হাতে সফল ছিলেন দুশান হেমন্ত; ৩৭ রানে নেন ৩টি উইকেট। এ ছাড়া দুশমন্থ চামিরা শিকার করেন ২টি উইকেট।

শ্রীলঙ্কা ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলেও ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে জিম্বাবুয়ে। ২ পয়েন্ট নিয়ে তিনে অস্ট্রেলিয়া এবং সমান পয়েন্টে চারে আয়ারল্যান্ড। এখনো কোনো পয়েন্টের মুখ দেখেনি ওমান।