মুসলিম বিশ্বের ঐক্যের কোনো বিকল্প নেই : ইরানি কাউন্সিলর

Printed Edition
ইরান কালচারাল সেন্টারের কাউন্সিলর ড. মাহদি মৌলায়ি আনি নয়া দিগন্ত সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন : নয়া দিগন্ত
ইরান কালচারাল সেন্টারের কাউন্সিলর ড. মাহদি মৌলায়ি আনি নয়া দিগন্ত সম্পাদক সালাহউদ্দিন মুহাম্মদ বাবরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন : নয়া দিগন্ত

নয়া দিগন্ত ডেস্ক

ঢাকায় নিযুক্ত ইরানের সাংস্কৃতিক কাউন্সিলর ড. মাহদি মৌলায়ি আরানি বলেছেন, ইরান মুসলিম দেশগুলোর ঐক্যকে স্বাগত জানায় এবং আশা করে যেকোনো বিজাতীয় শক্তি এ ঐক্যকে বিনষ্ট করতে পারবে না। তিনি বলেন, ইরানের অবস্থান ও অস্তিত্ব রক্ষায় দীর্ঘ ইতিহাস, সাংস্কৃতিক ঐতিহ্য এবং ধর্মীয় বিশ্বাস সবচেয়ে বড় ভূমিকা রেখেছে।

বৃহস্পতিবার নয়া দিগন্তের কার্যালয় পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে অবরোধ নতুন কিছু ছিল না, এখনো নেই। ঈমানি শক্তির সাহায্যে অবরোধসহ সবধরনের আগ্রাসন কিভাবে মোকাবেলা করতে হয় তা ইরানের জনগণ জানে। তিনি ইরান ও বাংলাদেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া আরো জোরদারে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নয়া দিগন্ত দীর্ঘদিন ধরে ইসলাম ও মুসলিম বিশ্বের ঐক্য রক্ষায় পেশাগত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করছে। এ জন্য তিনি নয়া দিগন্তের সব সাংবাদিক, কর্মচারী ও কলাকুশলীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

বৈঠকে জ্ঞান বিনিময়, সংবাদ ও গণমাধ্যম সহযোগিতা, ইতিহাস, চলচ্চিত্র ও সাংস্কৃতিক ঐতিহ্যের পারস্পরিক প্রচার এবং দুই দেশের সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীদের ভ্রমণের ওপর তিনি গুরুত্বারোপ করেন।