রয়টার্স
লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন তার প্রথম রাষ্ট্রীয় সফরে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। এই সফরে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে একটি বৈঠকে অংশ নেবেন। আগামীকাল মঙ্গলবার হোয়াইট হাউজে এই দুই নেতার মধ্যে প্রথম মুখোমুখি দ্বিপক্ষীয় বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। গত প্রায় ২০ বছরের মধ্যে জোসেফ আউনই লেবাননের প্রথম কোনো রাষ্ট্রপ্রধান, যিনি হোয়াইট হাউজ সফর করছেন।
যুক্তরাজ্যভিত্তিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এই বৈঠকে লেবাননের প্রেসিডেন্ট একটি নির্দিষ্ট পরিকল্পনা পেশ করবেন। যেখানে হিজবুল্লাহকে নিরস্ত্র করার সম্ভাব্য উপায় এবং দক্ষিণ লেবানন থেকে ইসরাইলি সামরিক বাহিনী প্রত্যাহারের বিষয়টি প্রাধান্য পাবে। দক্ষিণ লেবাননের কিছু এলাকা এখনো ইসরাইলি বাহিনীর নিয়ন্ত্রণে থাকায় এবং ইসরাইলি সামরিক অভিযানের কারণে বাস্তুচ্যুত লাখ লাখ লেবানিজ নাগরিক নিজ ঘরে ফিরতে না পারায় বৈরুতের জন্য বর্তমান সময়টি অত্যন্ত সংবেদনশীল। এর বিপরীতে, লেবানন সরকারের সাথে ইসরাইলের সরাসরি আলোচনার বিরোধিতা করছে হিজবুল্লাহ। একই সাথে নিজেদের অস্ত্র সমর্পণের বিষয়ে সরকারি উদ্যোগকেও তারা প্রত্যাখ্যান করেছে। গত সপ্তাহে লেবাননের প্রেসিডেন্টের কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে জোসেফ আউন জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত ২৬ জুন সম্পাদিত লেবানন-ইসরাইল সমঝোতা পুরোপুরি বাস্তবায়নের লক্ষ্যে তিনি ওয়াশিংটনকে ইসরাইলের ওপর প্রয়োজনীয় চাপ সৃষ্টির অনুরোধ জানাবেন।



