নিজস্ব প্রতিবেদক
২০২৭ সালের এসএসসি পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, বার্ষিক শিক্ষাপঞ্জি ঠিক রাখতে এবং সেশনজট এড়াতে একটি নির্দিষ্ট সময়েই এসএসসি এবং এইচএসসি পরীক্ষা নেয়া হবে। কয়েক দিন আগে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা ৭ জানুয়ারি থেকে শুরু করার যে পরিকল্পনা দেয়া হয়েছিল সেখান থেকে পিছু হটার কোনো সুযোগ নেই বলে জানান তিনি। গতকাল দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
মন্ত্রী দৃঢ়তার সাথে বলেন, ঘোষিত রুটিন অনুযায়ী আগামী বছরের ৭ জানুয়ারি এসএসসি পরীক্ষা শুরু হবে। আমরা স্টেকহোল্ডারদের সাথে কথা বলার পর রোজার আগেই পরীক্ষা শুরু এবং শেষ করার ঘোষণা দিয়েছি। স্টেকহোল্ডারদের কাছ থেকে কোনো বিরোধিতার তথ্য নেই তবে আপনাদের (সাংবাদিক) কাছ থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর তারিখ নিয়ে একাধিকবার প্রশ্ন শুনেছি, একমাস পেছানোর দাবির কথা শুনেছি। আমাদের মূল লক্ষ্য কোর্স শেষ হওয়ার পরে অহেতুক দেরিতে পরীক্ষা নিয়ে লাখ লাখ শিক্ষার্থীর জীবন থেকে গুরুত্বপূর্ণ সময় যেন নষ্ট না হয়।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ উপস্থিত ছিলেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো: দাউদ মিয়া, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ উপস্থিত ছিলেন।
এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আরো বলেন, এসএসসি পরীক্ষা তাদের সিলেবাস শেষ হয়ে যাচ্ছে জুন ২০২৬ খ্রিষ্টাব্দে। আমরা চেয়েছি ২০২৭ এর কোনো একটি সময়, হয় রোজার আগে বা রোজার পরে নেয়ার। আমরা স্টেকহোল্ডারদের সাথে আলাপ করেছিলাম সেখানে সাজেশন আসছে রোজার আগেই শেষ হয়ে যাক পরীক্ষাটা; সে অর্থে আমরা ৭ জানুয়ারি শুরু করতে চেয়েছিলাম আর ৮ ফেব্রুয়ারি শেষ করতে। বাট ইন দ্য মিনটাইম আপনারা রিঅ্যাক্ট করছেন সেটাও আমরা অবজার্ভ করছি। আমরা চাচ্ছিলাম পরীক্ষাটা হয়ে যাক এবং অনেকেই চাচ্ছেন। অতএব আপাতত আমরা রুটিনও দিয়েছি এবং আশাকরছি এটাই রয়েছে এটাই; থাকবে; যেহেতু স্টেকহোল্ডারদের সাথে আলোচনা করেছি।
শিক্ষামন্ত্রী বলেন, পরবর্তীতে যদি আপনারা সবাই মনে করেন এক মাস আগানো-পিছানোতে আমাদের কিছু যাবে না, কিন্তু ২০২৭ এসএসসি পরীক্ষাকে ভিত্তি ধরে আগামী দিনের সেশনজট দূর এবং ইউনিভার্সিটিগুলোকে নির্ধারিত সময়ের মধ্যেই তাদের কোর্স-কারিকুলাম শেষ করতে হবে। অর্থাৎ তিন বছরের কোর্স তিন বছরেই হতে হবে, আর পঁাঁচ বছরের কোর্স পাঁচ বছরই হবে, কোনো রকম সেশনজট চলবে না। একই সাথে এইচএসসি পরীক্ষাও একইভাবে সিম্পটোমাইজ করার চেষ্টা করছি যেন কোনো রকম সময় নষ্ট না হয়। শিক্ষামন্ত্রী বলেন, আমরা এসএসসি পরীক্ষার ফলাফল ২০ জুলাই প্রকাশ করবো সে নির্দেশনা দিয়ে দিয়েছি। পরবর্তী এসএসসি পরীক্ষার রুটিন ও সবকিছু আমরা ঘোষণা করেছি।



