সংক্ষিপ্ত সংবাদ

Printed Edition

২ শতাধিক মুরগি মারল দুষ্কৃৃতকারীরা

পটুয়াখালীর কলাপাড়া পৌরশহরের সবুজবাগ এলাকায় এক অবসরপ্রাপ্ত শিক্ষকের দুই শতাধিক মুরগীকে বিষাক্ত গ্যাস প্রয়োগ করে মেরে ফেলছে দুষ্কৃতকারীরা। গত সোমবার সবুজবাগ এলাকায় অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয় এক শিক্ষকের বাড়িতে এ ঘটনা ঘটে। এতে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবারটি। যার বর্তমান বাজারমূল্য প্রায় অর্ধলক্ষ টাকার বেশি মূল্য রয়েছে। পোষা প্রাণীর সাথে দুষ্কৃতকারীদের এমন বর্বরতায় ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে যে এ কেমন প্রাণীর সাথে শত্রুতা। মঙ্গলসুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক হাকিম মৃধার স্ত্রী ভাষ্যমতে, দুই মাস পূর্বে তাদের বাড়িতে দেশীয় মুরগী পালন করার জন্য দুইটি খামার তৈরি করেন। এসব খামারে ২০০ পিছ দেশী মুরগীর বাচ্চা সংগ্রহ করে পরিচর্যা শুরু করেন। বর্তমানে ওই বাচ্চাগুলোর ওজন প্রায় ৬০০ থেকে ৭০০ গ্রাম ওজন হয়েছিল। রোববার রাত ৩টার সময়ও জীবন্ত ছিল মুরগীগুলো। সোমবার সকাল ৭টার দিকে ঘুম থেকে উঠেই দেখতে পান খামারের ভিতরে সব মুরগী মরে পড়ে আছে ও প্লাস্টিকের বেড়ায় হালকা একটি ছোট ছিদ্র করা। মুরগীগুলোকে বিভিন্ন অংশে খণ্ড ও দ্বিখণ্ডিত করা হয়েছে। কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা।

পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে ৪ জনের মৃত্যু

চুয়াডাঙ্গায় পৃথক তিনটি ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীসহ চারজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে দামুড়হুদা উপজেলার কালিয়াবকরী গ্রামে গরুর ঘাস কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়। তাকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তার স্ত্রী। একই উপজেলার লোকনাথপুর গ্রামে টিউবওয়েলের বৈদ্যুতিক মোটরের পাশে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এ ছাড়া চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়ায় ইজিবাইকের ব্যাটারি চার্জ দেয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। চুয়াডাঙ্গা প্রতিনিধি ও দামুড়হুদা সংবাদদাতা।

তিস্তায় ১৬ নৌকা ও ৪ ইঞ্জিন ধ্বংস

নীলফামারীর ডিমলায় তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযানে ১৬টি নৌকা ও চারটি ইঞ্জিন ধ্বংস করা হয়েছে। গতকাল মঙ্গলবার তিস্তা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালিত হয়। ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইমরানুজ্জামান, রংপুর বিজিবির মেজর জুলকার নাঈন ও ডিমলা থানার ওসি শওকত আলী সরকারের নেতৃত্বে গঠিত টাস্কফোর্স এ অভিযান চালায়। অভিযানে পাথর উত্তোলনে ব্যবহৃত নৌকা ও ইঞ্জিন শনাক্ত করে ধ্বংস করা হয়। এর আগে তিস্তা নদীতে অবাধে পাথর উত্তোলন, নদীর গতিপথ পরিবর্তন ও ভাঙনের ঝুঁঁকি নিয়ে নয়া দিগন্তে ‘তিস্তার পেটে মরণযন্ত্র : অবাধ লুটে গতিপথ বদল, সিন্ডিকেটের তাণ্ডবে ধসে পড়ছে বাঁধ ও জনপদ’ শিরোনামে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের পর অবৈধ পাথর উত্তোলন বন্ধে প্রশাসন কঠোর পদক্ষেপের ঘোষণা দেয়। ডিমলা (নীলফামারী) সংবাদদাতা।

ভরা মৌসুমেও ইলিশের দামে আগুন

লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদীতে চলছে ইলিশের ভরা মৌসুম। তবে নদীতে আশানুরূপ ইলিশ না পাওয়ায় হতাশ জেলেরা। অন্য দিকে বাজারে ইলিশের দাম চড়া। এক কেজি ওজনের একটি ইলিশের দাম চাওয়া হচ্ছে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত। এতে সাধারণ ক্রেতাদের অনেকেই ইলিশ কেনার সামর্থ্য হারাচ্ছেন। রায়পুরের আলতাফ মাস্টার ঘাট, রাহুল ঘাট, পুরান বেড়ি, মেঘনা বাজার ঘাট, চান্দার খাল, হাজীমারা ও সাজু মোল্লার ঘাটসহ মেঘনার বিভিন্ন ঘাটে জেলেদের সাথে কথা বলে জানা গেছে, চলতি মৌসুমে নদীতে আগের তুলনায় ইলিশ কম পাওয়া যাচ্ছে। নৌকা ও ট্রলারের জ্বালানি, বরফ, খাবার ও জেলেদের মজুরি বাবদ খরচ মিটিয়ে অনেক জেলের হাতে তেমন লাভ থাকছে না। তবে বাজার ঘুরে দেখা গেছে, বিক্রি হওয়া ইলিশের বড় একটি অংশ চট্টগ্রাম থেকে আসছে। স্থানীয়দের ধারণা চট্টগ্রাম থেকে পিকআপে করে এসব ইলিশ রায়পুরের বিভিন্ন বাজারে এনে বিক্রি করা হচ্ছে। রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা।

প্রবাসী শ্রমিকের মৃত্যু

ভোলার চরফ্যাসনে সৌদি আরবে গিয়ে ভবন থেকে পড়ে মো: ফিরোজ নামে এক প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। বৈধ কাগজপত্র না থাকায় তার লাশ দেশে ফেরানো নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। লাশ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছে পরিবার। নিহত মো: ফিরোজ ভোলার চরফ্যাসন উপজেলার চর মাদ্রাজ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পরিবারের আর্থিক সঙ্কট দূর করতে প্রায় পাঁচ বছর আগে সৌদি আরবে পাড়ি জমান তিনি। পরিবারের অভিযোগ, সৌদি আরবে যাওয়ার পর ফিরোজ জানতে পারেন, দালাল চক্র তাকে বৈধ কাগজপত্র ছাড়াই দেশটিতে পাঠিয়েছে। পরে বাধ্য হয়ে অবৈধভাবে আত্মগোপনে থেকে দীর্ঘদিন রাজমিস্ত্রির কাজ করে জীবিকানির্বাহ করছিলেন তিনি। গত ২৯ আগস্ট বিকেলে সৌদি আরবের দাম্মামের তোকবা এলাকার একটি ভবনের চারতলায় ছাদের কাজ করছিলেন ফিরোজ। চরফ্যাসন (ভোলা) সংবাদদাতা।

নাটোরে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

নাটোরে প্রাক্তন স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা এবং তার ছোট বোনকে আহত করার ঘটনায় মো: রাজু প্রামানিক (২৫) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে পাঁচ লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। গত সোমবার দুপুরে নাটোরের অতিরিক্ত দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো: দেলোয়ার হোসেন এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত রাজু প্রামানিক নাটোর শহরের দক্ষিণ বড়গাছা মহল্লার মো: সুজন প্রামানিকের ছেলে। মামলার বাদি ও নিহতের মা, নাটোর শহরের বলারীপাড়া এলাকার বাসিন্দা মোছা: চামেলী বেগম জানান, ঘটনার প্রায় পঁাঁচ বছর আগে পারিবারিকভাবে তার বড় মেয়ে মিম খাতুনের সাথে রাজু প্রামানিকের বিয়ে হয়েছিল। তাদের সংসারে একটি কন্যাসন্তান রয়েছে। নাটোর প্রতিনিধি।

সীমান্তে বিদেশী পিস্তল উদ্ধার

লালমনিরহাটের আদিতমারী সীমান্তে এক রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রোববার রাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী ডিক্রির চর এলাকা থেকে এ অস্ত্রটি উদ্ধার করা হয়। গত সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ঈমাম। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে দীঘলটারী ডিক্রির চর এলাকায় বিশেষ অভিযান চালায় বিজিবির একটি দল। অভিযান পরিচালনাকালে মাঠে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা পলিথিনে মোড়ানো একটি প্যাকেট দেখতে পাওয়া যায়। পরবর্তীতে প্যাকেটটি খুলে ভেতর থেকে এক রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়। লালমনিরহাট প্রতিনিধি।

শিবচরে বাড়িতে দুর্ধর্ষ চুরি

মাদারীপুরের শিবচর পৌর এলাকার ডিসি রোডে ফাল্গুনি টিভির শিবচর প্রতিনিধি সাইফুল ইসলাম আকাশের দোকান বিসমিল্লাহ স্টোর ও বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত পরিবার। খবর পেয়ে সোমবার সকালে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, রোববার গভীর রাতে শিবচর পৌরসভার ডিসি রোড এলাকায় চোরচক্র কৌশলে দরজা খুলে বিসমিল্লাহ স্টোরে প্রবেশ করে দোকানের বিভিন্ন মালামাল নিয়ে যায়। চুরি হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে আইপিএসের ব্যাটারি, সিগারেট, গ্যাস-ম্যাচ, ক্যাশে থাকা টাকা, রড কাটার মেশিন, বিভিন্ন ধরনের বৈদ্যুতিক সরঞ্জাম ও তার। শিবচর (মাদারীপুর) সংবাদদাতা।